বিজ্ঞাপন
বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হচ্ছে কাবা, আজ যা ঘটতে চলেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম
বিজ্ঞাপন
বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী। বুধবার (১৫ জুলাই) নির্দিষ্ট সময়ে সূর্য ঠিক কাবা শরিফের ওপর অবস্থান করবে। বছরে এমন ঘটনা মাত্র দুবার ঘটে। বিশেষজ্ঞদের মতে, এই বিরল মুহূর্তটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিবলার দিক নির্ভুলভাবে যাচাই করার অন্যতম প্রাকৃতিক ও নির্ভরযোগ্য সুযোগ।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, বুধবার ঠিক কাবা শরিফের ওপর অবস্থান করবে সূর্য। এদিন মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে) এই বিরল দৃশ্য দেখা যাবে। এ সময় সূর্য দিগন্তের ৯০ ডিগ্রি উচ্চতায় থাকবে এবং এর আপাত অবস্থান মক্কার অক্ষাংশের সঙ্গে সরাসরি মিলবে।
জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, ওই মুহূর্তে যেসব স্থান থেকে সূর্য দিগন্তের ওপরে দৃশ্যমান থাকবে, সেখান থেকে সূর্যের দিক সরাসরি কাবা শরিফের দিকে নির্দেশ করবে। আর কোনও সোজা খাড়া বস্তুর ছায়া পড়বে ঠিক তার বিপরীত দিকে।
এই প্রাকৃতিক ঘটনাটি কাজে লাগাতে হলে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে সমতল স্থানে একটি সোজা বস্তু খাড়াভাবে স্থাপন করতে হবে। এরপর ঠিক নির্ধারিত সময়ে সূর্যের অবস্থান বা ওই বস্তুর ছায়ার দিক পর্যবেক্ষণ করলে কিবলার দিক নির্ধারণ করা যাবে।
আবু জাহরা বলেন, মক্কা থেকে দূরের দেশ ও অঞ্চলে কিবলার দিক যাচাইয়ের ক্ষেত্রে এই পদ্ধতি বিশেষভাবে কার্যকর। আর জেদ্দার মতো মক্কার কাছাকাছি শহরগুলোতে এটি বিদ্যমান কিবলার দিক সঠিক আছে কি না, তা নিশ্চিত করতেও ব্যবহার করা যেতে পারে।
তিনি আরও বলেন, সূর্যের আপাত অবস্থান ও মক্কার অক্ষাংশ এক সরলরেখায় চলে আসার কারণেই এই প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ব্যবহার করে যে নির্ভরযোগ্যভাবে কিবলার দিক নির্ধারণ করা সম্ভব, এই ঘটনা সেটিই দেখায় আমাদের।