বিজ্ঞাপন
ভুয়া খবরের ফাঁদে পড়ে হারাতে পারেন সঞ্চয়, কীভাবে থাকবেন নিরাপদ?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:১২ পিএম
বিজ্ঞাপন
বিশ্বজুড়ে সাইবার প্রতারকরা এখন পরিচিত সংবাদমাধ্যমের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার নতুন কৌশল ব্যবহার করছে। বিশেষ করে জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসির মতো প্রতিষ্ঠানের নকল ওয়েবসাইট বানিয়ে ভুয়া ক্রিপ্টোকারেন্সি ও শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদ পাতা হচ্ছে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা আসল সংবাদ ওয়েবসাইটের প্রায় হুবহু অনুকরণে ভুয়া পেজ তৈরি করছে। এরপর সেখানে পরিচিত ব্যক্তিদের নাম ব্যবহার করে মনগড়া প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে, যাতে ভুয়া বিনিয়োগ প্রকল্পকে বিশ্বাসযোগ্য মনে হয়।
সম্প্রতি এমনই একটি প্রতারণায় দাবি করা হয়, ব্রিটিশ ধনকুবের স্যার জিম র্যাটক্লিফ বিবিসির একটি সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে যান, কারণ সেখানে তার ব্যক্তিগত আর্থিক তথ্য প্রকাশ করা হয়েছিল। ভুয়া প্রতিবেদনে আরও বলা হয়, তিনি একটি ‘গোপন বিনিয়োগ প্ল্যাটফর্ম’ থেকে বিপুল মুনাফা করছেন এবং সেই সুযোগ জানতে একটি লিংকে ক্লিক করতে বলা হয়। বাস্তবে পুরো ঘটনাই ছিল সম্পূর্ণ মনগড়া।
লিংকে ক্লিক করলে ব্যবহারকারীকে একটি নকল ট্রেডিং ওয়েবসাইটে নেওয়া হয়, যেখানে ব্যক্তিগত তথ্য দিতে বলা হয়। পরে প্রতারকরা ফোন করে ক্রিপ্টোকারেন্সি বা শেয়ারবাজারে বিনিয়োগের নামে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কারণে এ ধরনের প্রতারণা এখন আরও নিখুঁত হয়েছে। এআই ব্যবহার করে পেশাদার মানের সংবাদ প্রতিবেদন, বাস্তবসম্মত ছবি এবং পরিচিত সংবাদমাধ্যমের মতো ডিজাইন সহজেই তৈরি করা সম্ভব হচ্ছে। এমনকি কিছু ভুয়া ছবিতে গুগলের সিন্থ আইডি ওয়াটারমার্কও পাওয়া গেছে, যা এআই দিয়ে তৈরি হওয়ার ইঙ্গিত দেয়।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক আকর্ষণীয় শিরোনাম, অল্প সময়ে নিশ্চিত লাভের প্রতিশ্রুতি, দ্রুত বিনিয়োগের চাপ কিংবা আসল ওয়েবসাইটের সঙ্গে সামান্য ভিন্ন ঠিকানা দেখলে সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া বিনিয়োগের লিংকে ক্লিক না করা এবং ওয়েবসাইটের ঠিকানা ভালোভাবে যাচাই করাই সবচেয়ে নিরাপদ উপায়।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা, পরিচিত লোগো বা ওয়েবসাইটের নকশা দেখে আর কোনো অনলাইন সংবাদকে শতভাগ বিশ্বাস করা যাবে না। তাই বিনিয়োগের আগে তথ্যের সত্যতা একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: সামা টিভি