বিজ্ঞাপন
ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, একাধিক জায়গায় বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানের বিভিন্ন জায়গায় হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। এরইমধ্যে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানের মেহর ও ফার্স নিউজ জানিয়েছে, পারস্য উপসাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বান্দার আব্বাস এবং সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মেহর নিউজ এজেন্সি জানায়, বান্দার আব্বাসের কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর লক্ষ্যবস্তু প্রতিহত করতে সক্রিয় হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের কোনারাক ও চাবাহার এলাকাতেও নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা শুরু করেছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতায় হুমকি দেয়ার ইরানি ক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হচ্ছে।
সেন্টকম আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান এই নতুন দফার হামলার উদ্দেশ্য হলো সাম্প্রতিক আগ্রাসনের জন্য তেহরানকে জবাবদিহির আওতায় আনা।
এক্সে দেয়া পোস্টে সেন্টকম বলেছে, গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক নৌপথে অবাধে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের বিরুদ্ধে সাম্প্রতিক অযৌক্তিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র ইরানকে জবাবদিহির আওতায় আনছে।’
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার পর চাবাহার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
এছাড়া মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশ থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফলে সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।