বিজ্ঞাপন
চলতি বছর আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ পরিবর্তন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম
বিজ্ঞাপন
২০২৬ সালে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসা নীতিতে ছয়টি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার (৪ জুলাই) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
এতে বলা হয়, ভিসা অন অ্যারাইভালের সুযোগ সম্প্রসারণ, ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটন ভিসা অনুমোদন, সম্পত্তিনির্ভর আবাসিক ভিসার নতুন নিয়ম এবং চিকিৎসা ভিসা চালুর উদ্যোগসহ বিভিন্ন পরিবর্তন ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।
ছয় দেশের জন্য ভিসা অন অ্যারাইভালের সুযোগ
ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি ৬টি দেশের নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের ভিসা চালু করেছে। ফলে ১৪ ও ৬০-দিনের ভিসা ক্যাটাগরির অধীনে আরও বেশি ভ্রমণকারীর জন্য আমিরাতে ভ্রমণ করা সহজ হয়েছে।
আগে এই সুবিধা শুধু নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ভারতীয় নাগরিকদের জন্য ছিল। এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
আইসিপি যোগ্য বসবাসের দেশগুলোর তালিকাও সম্প্রসারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি এখন সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডার বৈধ আবাসিকরাও এ সুবিধা পাবেন।
৪৮ ঘণ্টায় দুবাইয়ের পর্যটক ভিসা
দুবাই ভ্রমণে আগ্রহীরা এখন ৪৮ ঘণ্টার মধ্যেই সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসার অনুমোদন পেতে পারবেন। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, অনুমোদিত পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের মেয়াদের এই ভিসা পাওয়া যাবে।
সম্পত্তি বিনিয়োগকারীদের ২ বছরের আবাসিক ভিসার নিয়ম পরিবর্তন
দুবাই কর্তৃপক্ষ সম্পত্তির ভিত্তিতে দুই বছরের আবাসিক ভিসা পাওয়ার শর্ত সংশোধন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, একক মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে আগের ন্যূনতম সাত লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের বাধ্যবাধকতা তুলে দেয়া হয়েছে। তবে আবেদনকারীকে অবশ্যই সম্পত্তির একক মালিক হতে হবে।
যদি সম্পত্তির একাধিক মালিক থাকেন, তাহলে প্রত্যেক বিনিয়োগকারীর মালিকানার অংশের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে। তবেই তারা আবাসিক ভিসার জন্য আবেদন করতে পারবেন।
অতিরিক্ত সময় অবস্থানের জরিমানায় সাময়িক ছাড়
আঞ্চলিক আকাশসীমা বন্ধ এবং বিমান চলাচল ব্যাহত হওয়ার কারণে যেসব দর্শনার্থী অতিরিক্ত সময় অবস্থানের জরিমানা থেকে অব্যাহতি পেয়েছিলেন, তাদের জন্য ৩০ দিনের অতিরিক্ত সময় দিয়েছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু বিশেষ পরিস্থিতি শেষ হয়ে গেছে, তাই যোগ্য ব্যক্তিদের ৯ জুলাইয়ের আগে তাদের ভিসার অবস্থা সংশোধন করতে হবে অথবা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে হবে।
‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ
দুবাই সরকার চিকিৎসার উদ্দেশ্যে আগত বিদেশি রোগীদের জন্য ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স–দুবাই এবং দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষ একটি সমঝোতা স্মারক সই করেছে।
এর মাধ্যমে চিকিৎসা পর্যটকদের জন্য ভিসা, আবাসন ও স্বাস্থ্যসেবাকে সমন্বিত করে রোগীদের আগমনের আগে থেকে চিকিৎসা ও পরবর্তী সেবার পুরো প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা নেয়া হয়েছে।
ইবোলা-আক্রান্ত তিন দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা স্থগিত
ইবোলা ভাইরাসের বিস্তার রোধে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।
ন্যাশনাল ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটি এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি যৌথভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেছে। গত ৬ জুন থেকে কার্যকর হয়েছে এ নিষেধাজ্ঞা। স্বাস্থ্য পরিস্থিতির ওপর নির্ভর করে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।