Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

পর্তুগালে উত্তর থেকে দক্ষিণে পুরো দেশব্যাপী দাবানল সর্তকতা

Icon

পর্তুগাল প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম

পর্তুগালে উত্তর থেকে দক্ষিণে পুরো দেশব্যাপী দাবানল সর্তকতা

বিজ্ঞাপন

পর্তুগালের উত্তর ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ অভ্যন্তরীণ এলাকাজুড়ে দাবানলের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছে পর্তুগিজ সমুদ্র ও বায়ুমণ্ডল ইনস্টিটিউট (IPMA)। চলমান তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং উচ্চ তাপমাত্রার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।Language Resources

আইপিএমএ-এর সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, দেশের উত্তর ও মধ্যাঞ্চলের অভ্যন্তরীণ এলাকাগুলোর পাশাপাশি ফারো, এভোরা এবং লেইরিয়া জেলার কিছু পৌরসভাও সর্বোচ্চ অগ্নিঝুঁকির আওতায় রয়েছে। মূল ভূখণ্ডের অধিকাংশ অঞ্চলকে ‘অতি উচ্চ’ ও ‘উচ্চ’ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। কেবল কয়েকটি উপকূলীয় পৌরসভা এই সতর্কতার বাইরে রয়েছে।

আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, তাগুস উপত্যকা ও আলেন্তেজো অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এবং সপ্তাহজুড়ে এই তাপপ্রবাহ দেশের অন্যান্য এলাকায়ও বিস্তৃত হবে। তাপমাত্রা বৃদ্ধি, কম আর্দ্রতা এবং শুষ্ক পরিবেশ দাবানলের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করছে।

এদিকে, জাতীয় জরুরি ও বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ (ANEPC) দেশব্যাপী দাবানলের ঝুঁকি ‘অত্যন্ত উচ্চ’ থেকে ‘সর্বোচ্চ’ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সংস্থাটি প্রস্তুতি অবস্থা ‘লেভেল-৩’-এ উন্নীত করেছে, যার ফলে জরুরি সেবার সক্ষমতা ও উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত স্থান ছাড়া গ্রামীণ এলাকায় আগুন জ্বালানো, ঝোপঝাড় পোড়ানো, আগুন ব্যবহার করে রান্না করা এবং আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে এমন কিছু যন্ত্রপাতি ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও সতর্ক করেছে বেসামরিক সুরক্ষা বিভাগ। বিশেষ করে শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরিধান, সানস্ক্রিন ব্যবহার এবং দিনের সবচেয়ে গরম সময়ে বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকায় শুক্রবার থেকে দেশের ১২টি জেলায় সর্বোচ্চ মাত্রার ‘রেড অ্যালার্ট’ কার্যকর হবে। আজ বেজা, এভোরা, পোর্টালেগ্রে, সেতুবাল ও লিসবন রেড অ্যালার্টের আওতায় রয়েছে। শুক্রবার থেকে লেইরিয়া, কোইমব্রা, আভেইরো, ব্রাগা এবং ভিয়ানা দো কাস্তেলো জেলাও এই সতর্কতার অন্তর্ভুক্ত হবে।

কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনা দ্রুত জরুরি সেবাকে জানাতে আহ্বান জানিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার