বিজ্ঞাপন
উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন ব্রিটেনে, বন্ধুর বাড়িতে রহস্য মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:৪৭ এএম
বিজ্ঞাপন
জন্মদিনের নিমন্ত্রণ ছিল। বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেখানেই রহস্যজনক ভাবে মৃত্যু হলো শ্রীনাথ রেড্ডি সাভুসানি (২৫) নামে এক ভারতীয় পড়ুয়ার। ব্রিটেনের লেস্টারে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে শ্রীনাথের মৃতদেহ দেশে ফেরানোর তোড়জোড়।
শ্রীনাথের বাড়ি তেলঙ্গনার কামারেড্ডি জেলার তালামাদলা গ্রামে। গত বছর উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে পাড়ি দিয়েছিলেন তিনি। ভর্তি হয়েছিলেন ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ে। সেখানে মাস্টার্স করছিলেন শ্রীনাথ। তাঁর পরিবারের দাবি, গত ২২ জুন রাতে এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। রাত কাটান সেখানেই। পরের দিন তাঁর বন্ধু দেখেন, ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন শ্রীনাথ।
সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রীনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। শ্রীনাথের মৃত্যুর খবর তেলেঙ্গনায় তাঁর বাবা-মাকে ফোন করে জানান বন্ধুরাই। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন শ্রীনাথের পরিবারের সদস্যরা। ব্রিটেনের তেলেগু সম্প্রদায়ের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। কী ভাবে শ্রীনাথের মৃত্যু হলো, তা এখনও জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ছেলের দেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে কেন্দ্র এবং তেলেঙ্গনা সরকারের কাছে আবেদন জানিয়েছে শ্রীনাথের পরিবার। পাশাপাশি, কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবিও তুলেছেন তাঁরা। ইতিমধ্যেই শ্রীনাথের দেহ দেশে ফেরানোর খরচ জোগাড় করতে গোফান্ডমি-তে চাঁদা তুলতে শুরু করেছেন ব্রিটেনের তেলেগু সম্প্রদায়ের লোকজন।
গোফান্ডমি-তে একটি বার্তায় লেখা হয়েছে, ‘শ্রীনাথ কৃষক পরিবারের সন্তান। এডুকেশন লোন নিয়ে ছেলেকে ব্রিটেনে পড়তে পাঠিয়েছিলেন তাঁর মা-বাবা। অনেক ধার-দেনাও ছিল।’ শ্রীনাথই পরিবারের একমাত্র সন্তান বলেও গোফান্ডমি-র বার্তা থেকে জানা গিয়েছে।