বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে সংযুক্ত আরব আমিরাত। এই তালিকায় আরো ছয়টি দেশের নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার সাধারণ পাসপোর্টধারী নাগরিকরা আমিরাতে পৌঁছেই ১৪ দিন বা ৬০ দিনের ভিসা নিতে পারবেন।
তবে এ সুবিধা পেতে হলে তাদের যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডা কর্তৃক প্রদত্ত বৈধ আবাসিক অনুমতিপত্র থাকতে হবে। তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরাও এ সুবিধার আওতায় থাকবেন।
এ প্রসঙ্গে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা-অন-অ্যারাইভাল কর্মসূচির আওতা সম্প্রসারণের সিদ্ধান্ত মূলত বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বার্তা।
পাশাপাশি এটি অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতেও সহায়ক হবে। এই উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা আরব আমিরাতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশ, বিশ্বমানের পর্যটন সুবিধা, গতিশীল অর্থনীতি, আকর্ষণীয় ব্যাবসায়িক পরিবেশের সুবিধা লুফে নিতে পারবেন।
মন্ত্রণালয় আরো বলেছে, ভ্রমণকারীদের যাতায়াত সহজ করা, কনস্যুলার প্রক্রিয়া আরো সরলীকরণ এবং ব্যবসা, বিনিয়োগ, উদ্যোক্তা কার্যক্রম ও মেধাবী জনশক্তির জন্য আরব আমিরাতকে শীর্ষ বৈশ্বিক গন্তব্যে পরিণত করতে চায় তারা।
এদিকে, আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, নতুন ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পেতে আবেদনকারী এবং তার সঙ্গে আগত পরিবারের সদস্যদের অবশ্যই উল্লিখিত ছয়টি দেশের কোনও একটির নাগরিক হতে হবে।
পাশাপাশি তাদের যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডা কর্তৃক প্রদত্ত বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে।
সংস্থাটি আরও জানায়, প্রদত্ত ভিসার ধরন অনুযায়ী ১৪ থেকে ৬০ দিনের ভিসা ইস্যু করা হবে।
আইসিপি-এর তথ্যমতে, ১৪ দিনের ভিসা আরব আমিরাতে অবস্থানকালে একবার নবায়ন করা যাবে। তবে ৬০ দিনের ভিসা এককালীন অবস্থানের জন্য প্রদান করা হবে। এটি নবায়নযোগ্য নয়।
উভয় ধরনের ভিসার মেয়াদ শেষ হলে ভিসাধারীদের দেশ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়সীমার বেশি অবস্থান করলে প্রতিদিন ৫০ দিরহাম হারে জরিমানা আরোপ করা হবে।
ভিসা ফি প্রসঙ্গে সংস্থাটি জানায়, ১৪ দিনের ভিসা ইস্যুর মোট ফি ১০০ দিরহাম এবং ৬০ দিনের ভিসা ইস্যুর মোট ফি ২৫০ দিরহাম নির্ধারণ করা হয়েছে।