Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

তীব্র তাপদাহে ইতালির ১৫ শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

পরিস্থিতি হতে পারে ২০০৩ এর মতো ভয়াবহ

Icon

ইতালি প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:০৪ পিএম

তীব্র তাপদাহে ইতালির ১৫ শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

বিজ্ঞাপন

ইউরোপজুড়ে তীব্র গরমের মধ্যে ইতালির ১৫টি শহরে সর্বোচ্চ মাত্রার ‘রেড অ্যালার্ট’ বা লাল সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। রাজধানী রোম, ফ্লোরেন্স, বোলোনিয়া, মিলান, তুরিন ও ভেনিসসহ বিভিন্ন শহরে এই সতর্কতা কার্যকর করা হয়েছে।

ইতালির সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বুধবার থেকে লাতিনা শহরও এই তালিকায় যুক্ত হবে। ফলে রেড অ্যালার্টের আওতায় থাকা শহরের সংখ্যা বেড়ে ১৬টিতে পৌঁছাবে।

ইতালিতে এই সতর্কতাকে ‘বোল্লিনো রোসো’ বলা হয়। এটি সর্বোচ্চ স্তরের তাপদাহ সতর্কতা। এর অর্থ হলো, শুধু বৃদ্ধ, শিশু বা অসুস্থ ব্যক্তিরাই নয়, সুস্থ ও কর্মক্ষম মানুষও অতিরিক্ত গরমের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।

আবহাওয়াবিদদের মতে, আফ্রিকা থেকে আসা ‘সার্বেরাস’ নামের একটি শক্তিশালী উষ্ণ বায়ুচাপ বলয়ের কারণে ইতালিতে এই তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুবই কম থাকছে।

দেশটির উত্তরাঞ্চলের পো উপত্যকায় দিনের তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। কোথাও কোথাও আরও বেশি তাপমাত্রা রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে। তুরিনে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রোম ও নেপলসে তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

রাতের বেলাতেও স্বস্তি মিলছে না। অনেক এলাকায় তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না। আবহাওয়াবিদরা একে ‘ক্রান্তীয় রাত’ হিসেবে উল্লেখ করছেন। এমন পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক ঘুম ব্যাহত হয় এবং শরীর পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে না।

বিশেষজ্ঞদের আশঙ্কা, চলমান এই তাপপ্রবাহ ২০০৩ সালের ভয়াবহ গ্রীষ্মের মতোই তীব্র হতে পারে। সে বছর ইউরোপজুড়ে তীব্র গরমে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

আবহাওয়া পূর্বাভাস বলছে, জুলাইয়ের প্রথম সপ্তাহের আগে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা কম।

এদিকে ইতালির সরকার জনগণকে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু এবং অসুস্থদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুধু ইতালিই নয়, আগামী সপ্তাহে ইউরোপের আরও কয়েকটি দেশে তাপমাত্রা বাড়তে পারে। ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, স্পেন, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডেও চরম গরমের পরিস্থিতি দেখা দিতে পারে।

এরই মধ্যে গ্রিসের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। চেক প্রজাতন্ত্রে সপ্তাহান্তে তাপমাত্রা ৩৮ ডিগ্রির বেশি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে যুক্তরাজ্যের ইংল্যান্ডের কিছু এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার