Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যমজ ভাইদের সঙ্গে যমজ বোনদের বিয়ে, আলোচনায় ব্যতিক্রমী প্রেমের গল্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৩১ এএম

যমজ ভাইদের সঙ্গে যমজ বোনদের বিয়ে, আলোচনায় ব্যতিক্রমী প্রেমের গল্প

বিজ্ঞাপন

ভালোবাসার গল্পের নানা রূপ রয়েছে। তবে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে, আর কাকতালীয়ভাবে দুই জোড়া নবদম্পতির নামও একই এমন ঘটনা সত্যিই বিরল। সম্প্রতি নাইজেরিয়ার ইবাদান শহরে অনুষ্ঠিত হয়েছে এমনই এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

যমজ ভাই তাইও ওগুনতোয়ে এবং কেহিন্দে ওগুনতোয়ে বিয়ে করেছেন যমজ বোন তাইও আদেদিরান ও কেহিন্দে আদেদিরানকে। আরও আশ্চর্যের বিষয় হলো, ভাই তাইওর জীবনসঙ্গী হয়েছেন বোন তাইও এবং ভাই কেহিন্দে বিয়ে করেছেন বোন কেহিন্দেকে।

গত ২০ জুন ইবাদানের বিশপ আকিনইয়েলে মেমোরিয়াল অ্যাংলিকান চার্চে পরিবারের সদস্য, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই দ্বৈত বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে চার নবদম্পতি পরেছিলেন মিলিয়ে তৈরি করা বিশেষ পোশাক, যা আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

তবে এই প্রেমের গল্পের শুরুটা ছিল বেশ ভিন্ন। বর তাইও ওগুনতোয়ে জানান, তারা সবসময়ই একসঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখতেন এবং যমজ মেয়েদেরই জীবনসঙ্গী হিসেবে পাওয়ার ইচ্ছা ছিল তাদের।

অন্যদিকে কনে কেহিন্দে আদেদিরান জানান, শুরুতে তারা এই প্রস্তাবে মোটেও রাজি ছিলেন না। তিনি হাস্যরসের সঙ্গে বলেন, আমরা প্রথমে বলেছিলাম, না, আমরা যমজদের সঙ্গে প্রেম করতে চাই না।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে, আর সেই বন্ধুত্বই পরিণত হয় ভালোবাসায়। দীর্ঘদিনের সম্পর্কের পর শেষ পর্যন্ত চারজনই একসঙ্গে নতুন জীবনে পা রাখেন।

বিয়ের আগে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বাগদান অনুষ্ঠান। পরে আয়োজন করা হয় জমকালো ‘হোয়াইট ওয়েডিং’। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যমজ ভাইরা যৌথ পোস্টে লেখেন, যমজরা বিয়ে করল যমজদের! গতকালের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান ছিল অসাধারণ। আমাদের আনন্দের দিনে যারা পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা।

আরেকটি পোস্টে তারা লেখেন, চিরদিনের জন্য একসঙ্গে।

ইয়োরুবা সংস্কৃতিতে ‘তাইও’ নামের অর্থ ‘যমজদের মধ্যে যে প্রথম পৃথিবীর স্বাদ নেয়’। অন্যদিকে ‘কেহিন্দে’ অর্থ ‘যমজদের মধ্যে পরে জন্ম নেওয়া সন্তান’।

এই অনন্য বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই একে “দ্বিগুণ ভালোবাসা” এবং “নিখুঁত কাকতালীয়তা” হিসেবে আখ্যা দিয়েছেন। একই শহরে, একই সময়ে এবং একই নামের দুই জোড়া যমজের এই মিলন অনেকের কাছেই বাস্তবের চেয়েও বেশি রূপকথার মতো মনে হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার