বিজ্ঞাপন
বেলফাস্টে বর্ণবাদের বিরুদ্ধে হাজারো মানুষের সমাবেশ
ইনফোমাইগ্র্যান্টস
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:০২ এএম
বিজ্ঞাপন
নর্দান আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অভিবাসনবিরোধী দাঙ্গা ও বর্ণবাদী সহিংসতার প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন। এক সুদানি অভিবাসীর বিরুদ্ধে ছুরি হামলার অভিযোগের পর শহরে যে উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে, তার বিরুদ্ধেই এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ জুন) বেলফাস্টের সিটি হলের সামনে আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণকারীরা ‘বেলফাস্ট বর্ণবাদের বিরুদ্ধে’, ‘বর্ণবাদের বিরুদ্ধে লড়ি, সংহতি গড়ে তুলি’ এবং ‘আমাদের রাস্তাঘাটের একমাত্র হুমকি হলো ঘৃণা’ লেখা প্ল্যাকার্ড বহন করেন।
ছুরি হামলার ঘটনার পর বেলফাস্টে যে অভিবাসনবিরোধী দাঙ্গা সংঘটিত হয়েছিল সেটির নিন্দা জানাতেই হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। সমাবেশের আয়োজন করে বর্ণবাদবিরোধী সংগঠন ইউনাইট অ্যাগেইনস্ট রেসিজম।
সমাবেশে অংশ নেওয়া ৬৩ বছর বয়সি হিলারি হান্টার বলেন, আমি ভীষণভাবে মর্মাহত, সত্যিই খুবই মর্মাহত।
গত মঙ্গলবার রাতে বেলফাস্টের প্রধানত ইউনিয়নপন্থি শ্রমজীবী এলাকাগুলোতে দাঙ্গা শুরু হয়। এর আগে সোমবার শহরে সংঘটিত এক ভয়াবহ ছুরি হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ঘটনায় এক সুদানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দাঙ্গার পর বুধবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
সমাবেশে এক বক্তা ছুরি হামলার শিকার স্টিফেন ওগিলভির প্রতি শ্রদ্ধা জানালে উপস্থিত জনতার মধ্যে করতালি ও উল্লাসধ্বনি শোনা যায়।
স্টিফেন ওগিলভির পরিবার গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি তাদের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করার আহ্বান জানিয়েছে।
বুধবার তারা এক বিবৃতিতে জানায়, তার শারীরিক অবস্থা বর্তমানে “স্থিতিশীল”। হামলার ঘটনায় তিনি একটি চোখ হারিয়েছেন।
বেলফাস্টের মেয়র রোইস-মারে ডনেলি সমাবেশে বক্তব্য দিয়ে বলেন, আপনারাই সেই বেলফাস্ট, যার প্রতিনিধিত্ব আমি করি।” তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে তিনি মৃত্যুর হুমকিও পেয়েছেন।
জাতীয়তাবাদী রাজনৈতিক দল এসডিএলপির স্থানীয় কাউন্সিলর শেমাস ডি ফাওইটে ছুরি হামলা এবং পরবর্তী সহিংসতার ঘটনায় “গভীরভাবে মর্মাহত” বলে মন্তব্য করেন। তিনি বলেন, এসব ঘটনা অবশ্যই “নিন্দা” এবং “প্রতিরোধ” করা প্রয়োজন।
এদিকে সোমবারের ছুরি হামলার ঘটনায় অভিযুক্ত ৩০ বছর বয়সি সুদানি নাগরিক হাদি আলোদিদের বিরুদ্ধে বুধবার হত্যাচেষ্টার অভিযোগ গঠন করা হয়েছে। তিনি আদালতে হাজির হন এবং শুনানি শেষে তাকে আগামী ৮ জুলাই নির্ধারিত পরবর্তী হাজিরা পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, নর্দান আয়ারল্যান্ডে ২০২৫ সালের জুন মাসে এবং ২০২৪ সালের গ্রীষ্মকালেও সহিংস অভিবাসনবিরোধী বিক্ষোভ সংঘটিত হয়েছিল। একই ধরনের উত্তেজনা যুক্তরাজ্যের অন্যান্য অঞ্চলগুলোতেও দেখা গিয়েছিল।