বিজ্ঞাপন
ভারতে মন্ত্রীর আত্মীয়কে সুবিধা দিতে গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ের রুট বদলের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:০৭ পিএম
বিজ্ঞাপন
বিহারের সামস্তিপুর জেলার সরাইরঞ্জন ব্লকে পাটনা–পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট পরিবর্তনকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি অংশে প্রকল্পের মূল নকশা ‘অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ পরিবর্তন করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের একটি দল ভারতের সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছে। যদিও চিঠিতে কারও নাম উল্লেখ করা হয়নি, তবে একাধিক বাসিন্দা দাবি করেছেন যে- সরাইরঞ্জনের জেডিইউ বিধায়ক এবং বিহারের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরীর প্রভাবেই এই পরিবর্তন আনা হয়েছে।
তাদের অভিযোগ, এর ফলে তার এক ঘনিষ্ঠ সহযোগী ও দূর সম্পর্কের আত্মীয় উপকৃত হয়েছেন।
নথি অনুযায়ী, ভিনিত ঈশ্বর ওরফে ববি ঈশ্বর এবং তার পরিবারের প্রায় ১০.৫ বিঘা জমি মূল রুটের আওতায় পড়েছিল। স্থানীয়দের দাবি, রুট পরিবর্তন হলে প্রস্তাবিত এলাকায় থাকা ১৫০টিরও বেশি ঘরবাড়ি ও বহু দোকান ভাঙার ঝুঁকিতে পড়বে। এছাড়া ৬৫ বছরের পুরোনো কেদার সান্ত রামাশ্রয় কলেজের একটি অংশও ক্ষতিগ্রস্ত হতে পারে, যেখানে বর্তমানে ছয় হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী। তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক প্রভাব ব্যবহার করিনি। সরাইরঞ্জনের সব মানুষই আমার। রুট পরিবর্তন হয়েছে কিনা, তা বলা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার বিষয়। এটি আমার এখতিয়ার নয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস