বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ায় ভয়ংকর অগ্ন্যুৎপাতে বন্ধ হয়ে গেল বিমানবন্দর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:১৫ পিএম
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট লেওতোবি লাকি-লাকিতে একাধিকবার ভয়ংকর অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এতে আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী ও আগ্নেয় ছাই ছড়িয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে একটি স্থানীয় বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে।
শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে আগ্নেয়গিরিটি থেকে এই অগ্ন্যুৎপাত শুরু হয়। এ সময় জ্বালামুখ থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার উচ্চতায় আগ্নেয় ছাই ও অন্যান্য উপাদান চারদিকে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় মাউন্ট লেওতোবি লাকি-লাকির জন্য বর্তমানে ইন্দোনেশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আগ্নেয়গিরির জ্বালামুখের চারপাশে পাঁচ কিলোমিটার এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলে আশপাশের নদীগুলোতে ছাই, পাথর ও কাদার মিশ্রণে বিপজ্জনক ‘লাহার’ বা আগ্নেয় বন্যা দেখা দিতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
অগ্ন্যুৎপাতের জেরে সৃষ্ট ধোঁয়া ও ছাইয়ের কারণে আগ্নেয়গিরি থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দরের প্রধান পার্তাহিয়ান পানজাইতান জানান, রানওয়ে ও আকাশে ছাইয়ের উপস্থিতি থাকায় অন্তত পাঁচটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল বা বিঘ্নিত হয়েছে।
ইন্দোনেশীয় ভাষায় ‘লাকি-লাকি’ শব্দের অর্থ হলো ‘পুরুষ’। ১ হাজার ৫৮৪ মিটার উচ্চতার এই আগ্নেয়গিরির পাশেই রয়েছে অপেক্ষাকৃত শান্ত আরেকটি আগ্নেয়গিরি, যার নাম ‘পেরেম্পুয়ান’। এই পেরেম্পুয়ান শব্দের অর্থ ‘নারী’।
এর আগে গত বছরের জুলাই মাসে এই আগ্নেয়গিরি থেকে ১৮ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের বিশাল স্তম্ভ তৈরি হয়েছিল, যার ফলে পর্যটন দ্বীপ বালির আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি ফ্লাইট বাতিল করতে হয়েছিল।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই এ ধরনের শক্তিশালী ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।