বিজ্ঞাপন
ফ্রান্সে রেসিডেন্স পারমিট জটিলতায় মানসিকস্বাস্থ্য সংকটে অভিবাসীরা
ইনফোমাইগ্র্যান্টস
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৪০ এএম
বিজ্ঞাপন
ফ্রান্সে রেসিডেন্স পারমিট ব্যবস্থা অনিয়মিত অবস্থা তৈরি করছে এবং বহু মানুষের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
ফ্রান্সে অবস্থানরত বিদেশি কর্মীদের অভিজ্ঞতা জানার পর এবার স্বাস্থ্যসেবা সেক্টরে কর্মরত পেশাজীবীদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে, প্রশাসনিক অনিশ্চয়তা ও দীর্ঘসূত্রিতা অভিবাসীদের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে।
৩৩ বছর বয়সি জ্যঁ-লুই ফ্রান্সের তুলুজ শহরে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করলেও প্রতি বছর তার রেসিডেন্স পারমিট নবায়ন করতে গিয়ে একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়।
স্থানীয় অভিবাসন দপ্তর তথা প্রেফেকচুরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন, অনলাইন প্ল্যাটফর্মে নানা ত্রুটিসহ অভিবাসীদের প্রতিবার নবায়নে ২৫০ ইউরো কর দিতে হয়। এই প্রক্রিয়া প্রতি বছরই নতুন করে শুরু হয়।
জ্যঁ-লুইয়ের মতো হাজার হাজার বিদেশি কর্মীকে একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। যাদের অনেকেই ২০ বছরেরও বেশি সময় ধরে ফ্রান্সে কাজ করছেন।
জ্যঁ-লুই বলেন, “এক বছরের কার্ড হাতে পাওয়ার তিন মাস পর থেকেই আমি পরবর্তী নবায়নের চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ি।”
অ্যামনেস্টির মতে, যদি প্রতি বছর আপনাকে পাসপোর্ট নবায়ন করতে হতো এবং সেই নথির ওপরই আপনার চাকরি, বাসস্থান ও স্বাস্থ্যসেবাসহ সব অধিকার নির্ভর করতো,তাহলে কেমন লাগতো? সামান্য প্রশাসনিক বিলম্বও তখন সবকিছু কেড়ে নিতে পারে।
সংস্থাটির ‘আ লা মেরসি দাঁ পাপিয়ে’ শীর্ষক প্রতিবেদনে অংশ নেওয়া ২৭ জন সাক্ষীই জানিয়েছেন, রেসিডেন্স পারমিট নবায়নের চিন্তা তাদের মধ্যে ভয়, উদ্বেগ ও মানসিক চাপ সৃষ্টি করে। এই উদ্বেগের কোনো শেষ নেই। বিশ্রাম নেওয়া বা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখারও সুযোগ থাকে না। ফলে শারীরিক ও মানসিকভাবে তারা ক্রমশ ক্লান্ত হয়ে পড়েন।
এই পরিস্থিতির মানসিক প্রভাব বোঝার জন্য অ্যামনেস্টি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে। তারা জানতে চেয়েছে, বিদেশি কর্মীদের মধ্যে কী ধরনের উপসর্গ দেখা যায় এবং প্রশাসনিক অনিশ্চয়তা ও মানসিক স্বাস্থ্যের মধ্যে কী সম্পর্ক রয়েছে।
এই সাক্ষাৎকারগুলোর ভিত্তিতে ‘আমি সব সময় এটা নিয়েই ভাবি... মাথার মধ্যে এই চাপ সব সময় থাকে’ শীর্ষক একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এটি ২০২৬ সালের জুনে প্রকাশিত হয়েছে।
মনজুড়ে শুধু নথি সংক্রান্ত দুশ্চিন্তা
প্যারিসের প্রথম অ্যারোনডিসমেন্টে শরণার্থী ও অভিবাসী মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. তর্তেলি।
তিনি প্যারিস সাইকিয়াট্রি অ্যান্ড নিউরোসায়েন্সেস ইউনিভার্সিটি হাসপাতাল গ্রুপের ‘ক্যাপসিস’ ইউনিটে কর্মরত। যেখানে ২০২১ সাল থেকে ইল-দ্য-ফ্রঁস অঞ্চলে অনিশ্চিত পরিস্থিতিতে থাকা অভিবাসীদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
তার পর্যবেক্ষণ অনুযায়ী, “মানসিকভাবে তাদের সবচেয়ে বেশি ভেঙে দেয় এই অস্থিরতা।”
তিনি বলেন, “প্রেফেকচুরের সিদ্ধান্তের জন্য যত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, মানসিক কষ্টও তত বাড়ে।”
নাদিয়া ২৫ বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন। সময়মতো রেসিডেন্স পারমিট নবায়নের আবেদন জমা দিলেও দেড় বছর ধরে প্রতিদিন প্রেফেকচুরের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে তাকে। কিন্তু তার পুরোনো কার্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন রেসিডেন্স পারমিট পাননি। ফলে তিনি অনিয়মিত অবস্থায় পড়ে যান এবং চাকরি হারান।
তার মতে, বারবার স্বল্পমেয়াদি রেসিডেন্স পারমিট নবায়নের বাধ্যবাধকতা বিদেশি কর্মীদের প্রশাসনিক ও মানসিক—দুই ক্ষেত্রেই স্থিতিশীল হতে দেয় না।
গৃহসহায়ক হিসেবে কাজ করা মারিয়েত বলেন, “রাতের মধ্যে আমার অনেকবার ঘুম ভেঙে গেছে এমনও হয়েছে। কারণ মনে হয়েছে কোনো কাগজপত্রের কথা হয়তো ভুলে গেছি।”
এই সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে শারীরিক ও মানসিক ক্লান্তি, কান্নার প্রবণতা এবং শরীরের বিভিন্ন ব্যথা। অনেকেই জানিয়েছেন, প্রশাসনিক অনিশ্চয়তা তাদের বিষণ্নতার দিকে ঠেলে দিয়েছে, এমনকি কারও কারও মধ্যে আত্মহত্যার চিন্তাও এসেছে।
বিদেশি কর্মীদের দৈনন্দিন জীবন পুরোপুরি কাগজপত্র ও প্রেফেকচূরকেন্দ্রিক হয়ে পড়ে। কাজ, পারিবারিক ছুটি কিংবা অবসর—সবকিছুই নির্ধারিত হয় প্রশাসনিক প্রক্রিয়ার সময়সূচি অনুযায়ী। ফলে স্বাস্থ্যসেবা প্রায়ই গুরুত্বহীন হয়ে পড়ে।
তিনি আরও বলেন, “এর ফলে দীর্ঘমেয়াদি ও গুরুতর রোগের ক্ষেত্রে রোগ নির্ণয় বা চিকিৎসা বিলম্বিত হতে পারে। এমন রোগীও রয়েছে, যারা কাগজপত্রের কারণে হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে সাক্ষাৎ পিছিয়ে দিয়েছেন।”
ডা. পিয়ের-অঁরি ডাকুলসি দীর্ঘদিন বিভিন্ন সংকটপূর্ণ এলাকায় চিকিৎসাসেবা দিয়েছেন। তিনি ভারত মহাসাগরে অবস্থিত ফরাসি দ্বীপ মায়োতে জরুরি বিভাগের চিকিৎসক ছিলেন, ইউক্রেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও ফিলিপাইনে মানবিক মিশনে কাজ করেছেন এবং ফ্রান্সের কালে অঞ্চলের শরণার্থী শিবিরেও দায়িত্ব পালন করেছেন।
২০২৩ সাল থেকে তিনি প্যারিসের ১০ম অ্যারোনডিসমেন্টে অবস্থিত ‘পারকুর দেজিল’ সংস্থার চিকিৎসা পরিচালক হিসেবে কাজ করছেন।
তার মতে, প্রশাসনিক জটিলতা শুধু মানসিক চাপই সৃষ্টি করে না, বরং অতীতের ক্ষতও আবার উসকে দেয়। ব্যবস্থা সম্পর্কে অজ্ঞতা, অসংখ্য প্রশাসনিক বাধা এবং রেসিডেন্স পারমিট নবায়নের পথে প্রতিবন্ধকতা নির্বাসনের সময়কার ট্রমাকে পুনরুজ্জীবিত করতে পারে।
তিনি আরও বলেন, “যেসব রোগী ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন, সম্পর্ক গড়ে তুলছিলেন এবং জীবন উপভোগ করতে শুরু করেছিলেন, নবায়ন প্রক্রিয়া শুরু হলে তাদের অনেককে আবার শুরুতে ফিরে যেতে দেখি। যেন তাসের ঘরের মতো সবকিছু ভেঙে পড়ে।”
বৈষম্যকে স্বাভাবিক বলে মেনে নেন রোগীরা
রেনের ব্লোন এলাকায় প্রতি ১০ হাজার বাসিন্দার জন্য মাত্র পাঁচজন চিকিৎসক রয়েছেন। এখানেই ২০২১ সালে চালু হওয়া ‘সেকপা’ কর্মসূচির আওতায় একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছে, যা মূলত স্বাস্থ্যসেবায় কম প্রবেশাধিকার থাকা মানুষের জন্য কাজ করে।
সেখানকার এক চিকিৎসক জানান, প্রশাসনিক অনিশ্চয়তার মানসিক প্রভাব এতটাই প্রবল যে এটি প্রায়ই অন্যান্য বৈষম্য ও সহিংসতার অভিজ্ঞতাকে আড়াল করে দেয়।
স্বাস্থ্যকেন্দ্রটির এক স্বাস্থ্য-মধ্যস্থতাকারী জানান, তিনি নিয়মিত বৈষম্যের ঘটনাও দেখেন। একবার হৃদরোগের অস্ত্রোপচারের জন্য একজন রোগীর চিকিৎসা পরিবহনের আবেদন প্রত্যাখ্যান করা হয়। তার মতে, ঘটনাটি ছিল বর্ণবাদপ্রসূত।
অভিযোগ করার পরামর্শ দিলে ওই রোগী হেসে উত্তর দেন, “আমরা শুধু এমন একটি ট্যাক্সি চাই, যা আমাদের হাসপাতালে নিয়ে যাবে। আমি বাঁচতে চাই, বৈষম্যের অভিযোগ করতে নয়।”
ডা. তর্তেলিও একই অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, “আমাদের রোগীদের জন্য বৈষম্যের শিকার হওয়ার বিষয়টি প্রকাশ করা খুবই কঠিন। সাধারণভাবে তারা অনেক কিছু সহ্য করেন এবং খুব কম অভিযোগ করেন। তাই বৈষম্য শনাক্ত ও প্রতিরোধ করা গুরুত্বপূর্ণ।”
অ্যামনেস্টির মতে, বর্তমান রেসিডেন্স পারমিট ব্যবস্থা বিদেশি কর্মীদের দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার মধ্যে আটকে রাখছে। চিকিৎসকদের বক্তব্যে স্পষ্ট হয়েছে, এর ফলে মানসিক অবসাদ, স্থায়ী উদ্বেগ এবং পুরোনো ট্রমার পুনরাবৃত্তি ঘটছে। ফরাসি রেসিডেন্স পারমিট ব্যবস্থা সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাস্থ্যের ওপর বাস্তব ও গভীর প্রভাব ফেলছে।
অ্যামনেস্টির মতে, এর একটি বাস্তবসম্মত সমাধান রয়েছে—আরও স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট প্রদান করা।
তার মতে, অন্তত চার বছরের মেয়াদি রেসিডেন্স পারমিট বিদেশি কর্মীদের স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সাহায্য করবে। একইসঙ্গে চিকিৎসকদেরও রোগীদের কার্যকরভাবে চিকিৎসা করার সুযোগ দেবে, শুধুমাত্র সাময়িক সমাধান নয়।