Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ফ্রান্স-যুক্তরাজ্য ‘ওয়ান ইন ওয়ান আউট’ চুক্তির মেয়াদ বাড়লো

Icon

ইনফোমাইগ্র্যান্টস

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৩৪ এএম

ফ্রান্স-যুক্তরাজ্য ‘ওয়ান ইন ওয়ান আউট’ চুক্তির মেয়াদ বাড়লো

বিজ্ঞাপন

ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে ২০২৫ সালের গ্রীষ্মে স্বাক্ষরিত ‘ওয়ান ইন ওয়ান আউট’ অভিবাসন চুক্তির মেয়াদ ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে৷ বুধবার (৪ জুন) এ তথ্য জানিয়েছেন ইউরোপ বিষয়ক ফরাসি মন্ত্রী বঞ্জেমা হাদ্দাদ৷

অভিবাসন ও তুকে চুক্তি বিষয়ক একটি পার্লামেন্টারি কমিশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘‘আমাদের ব্রিটিশ অংশীদারদের সঙ্গে সিদ্ধান্ত হয়েছে যে, এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হবে৷’’

২০২৫ সালের জুলাই মাসে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে এক বছরের জন্য একটি ‘পরীক্ষামূলক’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল৷ এই চুক্তির আওতায় ছোট নৌকায় করে অনিয়মিতভাবে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানো হয়৷ এর বিনিময়ে ফ্রান্সে অবস্থানরত অন্য অভিবাসীদের একটি অংশকে বৈধ উপায়ে যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়৷

‘ওয়ান ইন ওয়ান আউট’ নীতির ভিত্তিতে পরিচালিত এই ব্যবস্থায় ২ হাজার ৫০০ জনকে আদান-প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল৷

বঞ্জেমা হাদ্দাদ জানান, ১ মে পর্যন্ত ৬০৬ জনকে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে৷ অন্যদিকে ৫৮৮ জনকে বৈধ উপায়ে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে৷

তবে মানবাধিকার ও অভিবাসী সহায়তা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে এ ধরনের ব্যবস্থার সমালোচনা করে আসছে৷ তাদের দাবি, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার এবং পারাপার ঠেকানোর পদক্ষেপের ফলে অভিবাসীরা আরও ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন এবং যাত্রাপথও দীর্ঘ হচ্ছে৷

বছরের শুরু থেকে এখন পর্যন্ত বেলজিয়াম থেকে যাত্রা করে ১ হাজার ৮০০ জনের বেশি মানুষ অনিয়মিতভাবে যুক্তরাজ্যে পৌঁছেছেন বলে জানিয়েছেন ফরাসি মন্ত্রী৷

ব্রিটিশ কর্তৃপক্ষের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ছোট নৌকায় করে অনিয়মিতভাবে ৪১ হাজার ৪৭২ জন যুক্তরাজ্যে পৌঁছেছেন৷ ২০১৮ সালে এই রুটে যাত্রা শুরু হওয়ার পর এটি দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক সংখ্যা৷

এদিকে, ২০২৫ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় অন্তত ২৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে৷ ফরাসি ও ব্রিটিশ সরকারি সূত্রের তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি৷

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার