Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

প্রেমিকের সাথে মিলে স্বামীকে খুন, গর্ত খুঁড়ে লাশ গুম করলেন স্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৬:১৪ পিএম

প্রেমিকের সাথে মিলে স্বামীকে খুন, গর্ত খুঁড়ে লাশ গুম করলেন স্ত্রী

বিজ্ঞাপন

বিবাহবহির্ভূত প্রেমের জেরে স্বামীকে নৃশংসভাবে খুন করে ফসলের মাঠে লাশ পুঁতে রাখার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানার গঙ্গাপুরে। ৪২ বছর বয়সী মুথ্যাম রেড্ডি নামের ওই ব্যক্তিকে হত্যার পর প্রমাণ লোপাটের জন্য মাটি ও পাথর দিয়ে চাপা রাখা হয়েছিল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ও তার প্রেমিককে শনাক্ত করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, মুথ্যাম রেড্ডির সঙ্গে কল্পনার ১২ বছরের সংসার এবং তাদের দুটি সন্তান রয়েছে। তবে তিন মাস আগে পার্শ্ববর্তী এলগোয়ী গ্রামের বাসিন্দা গাইনি পান্ডারির সঙ্গে কল্পনার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠলে সংসারে অশান্তি শুরু হয়। মুথ্যাম রেড্ডি এই সম্পর্কের কথা জানতে পারার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একপর্যায়ে নিজেদের সম্পর্কের কাঁটা দূর করতে কল্পনা ও পান্ডারি মিলে মুথ্যামকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, অভিযুক্তরা মুথ্যাম রেড্ডিকে হত্যা করেন এবং গ্রামের উপকণ্ঠে একটি ফসলের মাঠে জেসিবি মেশিন দিয়ে বড় গর্ত খুঁড়ে লাশটি পুঁতে ফেলেন। এরপর কারও মনে যেন সন্দেহ না জাগে, সেজন্য মাটি ও পাথর দিয়ে নিখুঁতভাবে জায়গাটি ঢেকে দেওয়া হয়।

তদন্তকারীদের বিভ্রান্ত করতে গত ১৮ মে কল্পনা নিজেই খেদ থানায় গিয়ে তার স্বামী নিখোঁজ হয়েছেন বলে একটি ডায়েরি করেন। তবে তদন্তের সময় কল্পনার আচরণে পুলিশের সন্দেহ হয়। পরে তার মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করে পুলিশ দেখতে পায়, নিখোঁজ হওয়ার পর থেকেই কল্পনার সঙ্গে পান্ডারির অস্বাভাবিক মাত্রায় ঘন ঘন কথা হয়েছে। এই ডিজিটাল প্রমাণের ওপর ভিত্তি করে পুলিশ পান্ডারিকে আটকের পর জিজ্ঞাসাবাদ শুরু করে।

পুলিশ কর্মকর্তা ভেঙ্কট রেড্ডি জানান, জেরার মুখে পান্ডারি নিজের অপরাধ স্বীকার করেছেন। প্রেমিকের স্বীকারোক্তির পর স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে। ময়নাতদন্তের জন্য ফসলের মাঠ থেকে লাশটি তোলার প্রস্তুতি চলছে। এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে আর কেউ জড়িত ছিল কিনা, তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার