বিজ্ঞাপন
ফ্রান্সে ‘বিপজ্জনক’ বিদেশিদের জন্য নতুন আইন অনুমোদন
ইনফোমাইগ্র্যান্টস
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:১৮ পিএম
বিজ্ঞাপন
ফ্রান্সে অনিয়মিত অবস্থায় থাকা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত বিদেশিদের প্রশাসনিক আটক কেন্দ্রে (সিআরএ) রাখার সময়সীমা বাড়ানোর একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির সংসদ।
ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির পর গত বুধবার উচ্চকক্ষ সিনেটও সিনেটে ভোটাভুটির মাধ্যমে বিলটি পাস হয়। দুই সপ্তাহ আগে ন্যাশনাল অ্যাসেম্বলিতেও বিলটি অনুমোদিত হয়েছিল।
যদিও দুই কক্ষের অনুমোদিত সংস্করণের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ফলে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে সংসদ সদস্য ও সিনেটরদের নিয়ে একটি যৌথ কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে।
প্রস্তাবিত এই আইনের আওতায় ফরাসি ভূখণ্ড ছাড়ার নির্দেশ পাওয়া এবং জননিরাপত্তার জন্য ‘বাস্তব, বর্তমান ও গুরুতর’ হুমকি হিসেবে বিবেচিত বিদেশিদের প্রশাসনিক আটকের সর্বোচ্চ সময়সীমা সাত মাস বা ২১০ দিন পর্যন্ত বাড়ানো হবে।
বর্তমানে ফ্রান্সে প্রশাসনিক আটকের সর্বোচ্চ সময়সীমা ৯০ দিন। আর সন্ত্রাসবাদে দণ্ডিত বিদেশিদের ক্ষেত্রে তা ১৮০ দিন পর্যন্ত। নতুন এই আইনের মাধ্যমে সেই সময়সীমাও বাড়িয়ে ২১০ দিন করা হবে।
তবে এই বিশেষ বিধানের আওতায় কারা পড়বেন, সেটি নিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেটের মধ্যে মতপার্থক্য রয়েছে।
সরকার ও ন্যাশনাল অ্যাসেম্বলির সংসদ সদস্যরা চান, যেসব বিদেশি ব্যক্তির বিরুদ্ধে ‘কারও ওপর হামলা’র মতো অপরাধে অন্তত তিন বছরের কারাদণ্ড হয়েছে, তাদের এই আইনের আওতায় আনা হোক। অন্যদিকে সিনেট ‘অনুপাতিকতা’ বজায় রাখার কথা বলে কেবল গুরুতর অপরাধ ও এমন কিছু অপরাধকে অন্তর্ভুক্ত করতে চায়, যেগুলোর শাস্তি কমপক্ষে পাঁচ বছরের কারাদণ্ড।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরো ন্যুনেজ এই আইনের ‘প্রয়োজনীয়তা’ তুলে ধরে বলেছেন, ২০১৭ সাল থেকে ফ্রান্সে ৩৪টি সন্ত্রাসী হামলা হয়েছে এবং ‘‘এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়া আমাদের দায়িত্ব৷’’
সিনেট আরও একটি বিধান যুক্ত করেছে, যাতে একই ব্যক্তিকে বারবার প্রশাসনিক আটকে রাখার ক্ষেত্রে মোট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সাধারণ ক্ষেত্রে সর্বোচ্চ ৩৬০ দিন এবং বিশেষ বিধানে ৫৪০ দিন পর্যন্ত আটক রাখা যাবে।
বিলে সন্ত্রাসবাদবিরোধী আরও কিছু ব্যবস্থা রাখা হয়েছে৷ এর মধ্যে রয়েছে আচরণগত সমস্যাযুক্ত উগ্রপন্থি ব্যক্তিদের জন্য ‘মনোরোগ পরীক্ষার নির্দেশনা’ চালুর প্রস্তাব।