Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাদ্রিদের রাস্তায় হাজার হাজার মানুষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০২:০২ পিএম

স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাদ্রিদের রাস্তায় হাজার হাজার মানুষ

বিজ্ঞাপন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের বিরুদ্ধে ওঠা একের পর এক দুর্নীতি কেলেঙ্কারির প্রতিবাদে এবং তার পদত্যাগের দাবিতে রাজধানী মাদ্রিদে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবারের (২৩ মে) এই মার্চ ফর ডিগনিটি বা মর্যাদার পদযাত্রা নামক বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন। 

সমাবেশটি মূলত শান্তিপূর্ণ হলেও কিছু স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই গণবিক্ষোভে দেশটির প্রধান বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থী দল ভক্স-এর শীর্ষ নেতারাও শামিল হন। আন্দোলনকারীরা এ সময় স্পেনের জাতীয় পতাকার পাশাপাশি সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই সহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

বিক্ষোভের একপর্যায়ে একদল আন্দোলনকারী প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেস-এর চারপাশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার মূল সড়কে মুখোশধারী একদল লোককে পুলিশ বাধা দিচ্ছে। এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে।

সাম্প্রতিক সময়ে সানচেজ সরকারের ওপর দুর্নীতির চাপ আরও ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) স্পেনের একটি আদালত দেশটির সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতোরোর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা নেওয়া এবং অর্থ পাচারের একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে তদন্তের ঘোষণা দেয়। বর্তমান প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জাপাতোরো অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে নিজের স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে আদালতের দুর্নীতি তদন্ত শুরু হলে পেদ্রো সানচেজ সাময়িকভাবে পদত্যাগের কথাও বিবেচনা করেছিলেন। তবে শুরু থেকেই সানচেজ ও তার স্ত্রী সব অভিযোগ অস্বীকার করে আসছেন। প্রধানমন্ত্রীর দাবি, কট্টর ডানপন্থী রাজনৈতিক বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের পরিবারকে হেয় করতে এসব ছক কষছে। গত মাসে স্পেনের একজন সরকারি প্রসিকিউটরও ডানপন্থী দলগুলোর দায়ের করা ওই মামলাটি বন্ধ করার জন্য তদন্তকারী বিচারককে অনুরোধ জানিয়েছেন।

শনিবারের এই বিশাল সমাবেশে কত মানুষের সমাগম হয়েছিল তা নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। আন্দোলনের আয়োজকদের দাবি, প্রায় ৮০,০০০ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন। অন্যদিকে, মাদ্রিদে নিযুক্ত স্পেন সরকারের প্রতিনিধির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভাকারীর সংখ্যা ছিল প্রায় ৪০,০০০।

সূত্র: রয়টার্স।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার