বিজ্ঞাপন
অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:৫৬ এএম
বিজ্ঞাপন
ভারতের উত্তর প্রদেশের লখনৌয়ে একটি হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতরে চিকিৎসাধীন এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসক ও হাসপাতাল পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার বকশি কা তালাব থানায় এ-সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। অভিযোগে বলা হয়, লখনৌয়ের ইন্দৌরাবাগ এলাকায় অবস্থিত তেজস হাসপাতালের এক নারী রোগী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের পরিচালক ও চিকিৎসকের দ্বারা ধর্ষণের শিকার হন।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করে। পরে ভুক্তভোগী পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম বিজয় কুমার গিরি। তিনি সীতাপুর জেলার তাম্বাউর থানার রাজনাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি তেজস হাসপাতালেই অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্ত ও আলামত সংগ্রহের পর অভিযুক্তকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ওই নারী ১৯ মে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন এবং ২১ মে চিকিৎসা চলাকালে অপারেশন থিয়েটারের ভেতরে তাকে ধর্ষণ করা হয়।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ সংগ্রহ ও অভিযুক্তের বক্তব্য রেকর্ড করার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় অভিযুক্ত যে পোশাক পরেছিলেন বলে অভিযোগ রয়েছে, সেগুলোও জব্দ করা হয়েছে। পরে অভিযুক্তকে আদালতে হাজির করা হলে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
পুলিশ আরও জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন।