Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বিয়ের জন্য ভারতীয়দের স্বর্ণ না কেনার আহ্বান মোদির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:২৪ এএম

বিয়ের জন্য ভারতীয়দের স্বর্ণ না কেনার আহ্বান মোদির

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় ভারতীয়দের সাশ্রয়ী জীবনযাপনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জ্বালানি ব্যবহার কমানোর পাশাপাশি স্বর্ণ কেনা, ভোজ্যতেলের ব্যবহার এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানোর পরামর্শও দিয়েছেন তিনি।

রোববার (১১ মে) দেওয়া এক বক্তব্যে মোদি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। এ অবস্থায় জাতীয় স্বার্থে জ্বালানি সাশ্রয় জরুরি হয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, বৈশ্বিক জ্বালানিবাজারের অস্থিরতার মধ্যে জনগণকে সচেতন করতে এই বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী।

তিনি করোনাকালের অভিজ্ঞতার কথা তুলে ধরে আবারও ঘরে বসে কাজ, অনলাইন সভা ও ভিডিও কনফারেন্সের মতো অভ্যাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

মোদি বলেন, করোনাভাইরাস মহামারির সময় মানুষ বিকল্প কর্মপদ্ধতির সঙ্গে মানিয়ে নিয়েছিল। এখন পরিস্থিতির প্রয়োজনেই সেসব অভ্যাসকে আবার গুরুত্ব দেওয়ার সময় এসেছে।

গত ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। এর প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতেও, যেখান দিয়ে বিশ্বের বড় একটি অংশের তেল পরিবহন হয়।

এই পরিস্থিতির প্রসঙ্গ টেনে মোদি বলেন, জ্বালানি আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তাই জনগণকে আরও দায়িত্বশীল হতে হবে।

তিনি বিয়ের জন্য অন্তত এক বছর স্বর্ণ না কেনার আহ্বান জানিয়ে বলেন, এতে অপ্রয়োজনীয় ব্যয় কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। পাশাপাশি ভোজ্যতেলের ব্যবহার সীমিত রাখা এবং কৃষিতে রাসায়নিক সারের পরিবর্তে প্রাকৃতিক পদ্ধতির দিকে ঝোঁকার পরামর্শ দেন তিনি।

মোদি বলেন, রাসায়নিক সারের ব্যবহার কমাতে পারলে যেমন আমদানি নির্ভরতা হ্রাস পাবে, তেমনি কৃষিজমি ও পরিবেশও সুরক্ষিত থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার