Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য দুঃসংবাদ, বার্ষিক ফি না দিলে যা ঘটবে

২৯ মে থেকে কার্যকর, ওয়ার্ক পারমিট বাতিল ও ডিপোর্টেশনের ঝুঁকি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:২৬ এএম

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য দুঃসংবাদ,  বার্ষিক ফি না দিলে যা ঘটবে

বিজ্ঞাপন

বার্ষিক ফি না দিলে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম আবেদন বাতিল করা হবে। বাতিল করা হবে ওয়ার্ক পারমিটও। এমনকী আবেদনকারীকে যুক্তরাষ্ট্র থেকে বাহিস্কার করা হতে পারে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ২০২৫ সালের এইচ. আর. ১ রিকনসিলিয়েশন অ্যাক্টের আওতায় এই নিয়ম আগামী ২৯ মে থেকে কার্যকর করবে।

নতুন নিয়ম অনুযায়ী, যারা ফর্ম আই-৫৬৯-এর মাধ্যমে আশ্রয়ের আবেদন করেছেন, যতদিন পর্যন্ত আবেদনটি বিচারাধীন থাকবে ততদিন তাদের প্রতি বছর একটি ফি পরিশোধ করতে হবে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) জানিয়েছে, ফি প্রদানের নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট আবেদন বাতিল করা হবে।

এছাড়া, আবেদনকারী যদি যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানে না থাকেন, তাহলে তার বিরুদ্ধে বহিষ্কার (রিমুভাল) প্রক্রিয়া শুরু করা হতে পারে। আশ্রয় আবেদন বাতিল হলে এর প্রভাব কর্মসংস্থানেও পড়বে। আশ্রয়ের ভিত্তিতে করা ফর্ম আই-৭৬৫-এর আবেদন বাতিল করা হবে এবং যারা ইতোমধ্যে কাজের অনুমতি পেয়েছেন, তাদের সেই অনুমতিও তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে।

নতুন বিধানে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে-আশ্রয় আবেদন ফর্ম আই-৫৮৯ ভুলভাবে জমা দিলে ফি ফেরত দেওয়া হবে না। এছাড়া টেম্পোরারি প্রটেকশন স্ট্যাটাস-এর আওতায় কর্মসংস্থানের মেয়াদ সীমিত করে সর্বোচ্চ এক বছর বা নির্ধারিত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ফর্ম আই-১০২ জমা দেওয়ার জন্য ন্যুনতম ২৪ ডলার ফি নির্ধারণ করা হয়েছে। 

হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, নতুন এই অন্তর্বর্তীকালীন বিধান ২৯ মে শুক্রবার থেকে কার্যকর হবে। ওই তারিখের পর থেকে নির্ধারিত বার্ষিক ফি পরিশোধ না করলে বিচারাধীন আশ্রয় আবেদন বাতিল করা হবে। একই সঙ্গে সঠিক ফি ছাড়া আই-১০২ ফর্ম গ্রহণ করা হবে না।

এই বিধান নিয়ে ২৯ জুন সোমবার পর্যন্ত জনমত গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই নিয়ম নিম্নআয়ের আশ্রয়প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ নিয়মিত ফি পরিশোধে ব্যর্থ হলে তাদের আবেদন, কাজের সুযোগ এবং যুক্তরাষ্ট্রে অবস্থান, সবকিছুই ঝুঁকির মধ্যে পড়বে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার