Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ক্ষমতায় এসেই নেপালের ‘জেন-জি’ সরকারের কঠোর সিদ্ধান্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম

ক্ষমতায় এসেই নেপালের ‘জেন-জি’ সরকারের কঠোর সিদ্ধান্ত

বিজ্ঞাপন

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নতুন পদক্ষেপ নিয়েছে নেপালের সরকার। দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর নেতৃত্বে গঠিত নতুন সরকার সাবেক ও বর্তমান রাজনীতিক এবং সরকারি কর্মকর্তাদের সম্পদ ও সম্পত্তি তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেন্দ্র কুমার ভাণ্ডারি। খবর বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের মুখপাত্র সাসমিত পোখরেল।

তিনি বলেন, ‘আইনি মানদণ্ড ও প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত করা হবে। কমিটির প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী সরকার সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে ব্যবস্থা নেবে।’ তবে তদন্ত শেষ করার নির্দিষ্ট সময়সীমা এখনো ঘোষণা করা হয়নি। 

একসময় জনপ্রিয় র‌্যাপার হিসেবে পরিচিত ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ গত ৫ মার্চ অনুষ্ঠিত নেপালের সংসদ নির্বাচনে বড় জয়ের মাধ্যমে ক্ষমতায় আসেন।

তার দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) নির্বাচনে চমক দেখিয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা ঐতিহ্যবাহী দলগুলোকে পেছনে ফেলে দেয়। 

কাঠমান্ডুর মেয়র হিসেবে তিন বছরের মেয়াদকালে বালেন্দ্র শাহ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সংস্কারমুখী উদ্যোগের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান। সেই অভিজ্ঞতাকেই জাতীয় পর্যায়ে কাজে লাগাতে চাইছে তার সরকার।

এই নির্বাচনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ এর আগে গত বছরের সেপ্টেম্বরে দেশজুড়ে জেন-জি নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলন ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

বিশ্লেষকদের ধারণা, ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্তির পর সরকারি দায়িত্বে থাকা হাজারো রাজনীতিক ও কর্মকর্তার সম্পদের হিসাব এই তদন্তের আওতায় আসতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার