Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

‘ইমানের’ শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য : ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৩ এএম

‘ইমানের’ শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য : ইরান

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যেকোনো ধরনের বর্বরতার বিরুদ্ধে একটি সভ্য জাতির আদর্শ ও বিশ্বাসের জয় নিশ্চিত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই পাল্টা বার্তা দেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ৩৯ মিনিটে দেওয়া ওই পোস্টে ইসমাইল বাকি লেখেন, ‘কোনো সৎ উদ্দেশ্য নিয়ে যখন একটি সভ্য জাতি অগ্রসর হয়, তখন তাদের সংস্কৃতি, যুক্তি এবং বিশ্বাসের শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য।’

ট্রাম্পের হুমকির মুখে নিজের দেশের অনড় অবস্থানের কথা জানান দিয়ে তিনি আরও বলেন, ইরান এমন একটি জাতি যারা সত্যের ওপর বিশ্বাস রাখে এবং নিজেদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে সর্বশক্তি নিয়োগ করতে দ্বিধা করবে না।

এর আগে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মুখে ইরানকে নজিরবিহীন হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেন, ‘আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না।’ তিনি আরও যোগ করেন যে, তিনি এমনটা না চাইলেও পরিস্থিতি সম্ভবত সেদিকেই গড়াচ্ছে।

ট্রাম্পের এই হুমকির পর ইরানের সামরিক বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির শক্তিশালী সামরিক শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক কিংবা কোনো অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তবে তাৎক্ষণিকভাবে তার কঠোর জবাব দেওয়া হবে।

ওয়াশিংটন ও তেহরানের এমন পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার