Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ডলার ও কয়েনে যাদের চেহারা, তারা কারা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৫৯ এএম

যুক্তরাষ্ট্রের ডলার ও কয়েনে যাদের চেহারা, তারা কারা

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ডলার নিয়ে বিশ্বব্যাপী আগ্রহের কমতি নেই! আগ্রহ না দেখানোর সুযোগও অবশ্য নেই। কারণ বিশ্ব অর্থনীতির যাবতীয় হিসাব-নিকাশ অনেকাংশেই নির্ভর করে ডলারের মেজাজ-মর্জির ওপর। রিজার্ভ থেকে শুরু করে বিনিময় মূল্য—সব ক্ষেত্রেই জরুরি ডলারের হিসাব।

বহু দেশের টাকার মতো লক্ষ্য করলে দেখবেন ডলারের বুকেও রয়েছে কিছু মানুষের মুখের ছবি। কেবল কাগজে মুদ্রিত ডলারে নয়, কয়েনের মধ্যে রয়েছেন এমন কিছু মুখ। যাদের মুখচ্ছবি ঠাঁই পেয়েছে আমেরিকার ডলার ও কয়েনে তারা প্রত্যেকে শুধু ওই দেশের ইতিহাসেরই গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, বরং তাদের কাজ এবং অবদানের জন্য সমাদৃত। কোন নোটে, মুদ্রায় কারা রয়েছেন, আর সেগুলো কোন সময়ে কোন প্রেক্ষিতে তৈরি করা হয়েছিল, জেনে নিতে পারেন একনজরে—

১. পেনি- আব্রাহাম লিংকন

প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৯০৯ সালে লিংকন পেনি মুদ্রাটি তৈরি ও প্রচলন করা হয়। ভিক্টর ডেভিড ব্রেনারের নকশায় তৈরি এই মুদ্রাটি ছিল আমেরিকার প্রথম মুদ্রা যাতে কোনো ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার করা হয় এবং প্রথমবারের মতো এতে “In God We Trust” বাক্যটি যুক্ত করা হয়।

২. নিকেল- থমাস জেফারসন

১৯৩৮ সালে শিল্পী ফেলিক্স শ্লাগ পাঁচ সেন্টের মুদ্রাটি নতুনভাবে নকশা করার সুযোগ পান। তার তৈরি ‘জেফারসন নিকেল’ একই বছরে ‘বাফেলো নিকেলকে’ প্রতিস্থাপন করে। প্রথম উৎপাদন থেকে আজ পর্যন্ত এই নিকেল মুদ্রাটি সংগ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়।

৩. ডাইম- ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট

১৯৪৫ সালে ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্টের মৃত্যুর পরের বছর তার সম্মানে ‘রুজভেল্ট ডাইম’ মুদ্রাটি তৈরি ও প্রচলন করা হয়। এটি ১৯১৬ সাল থেকে প্রচলিত ‘মার্কারি ডাইমের’ পরিবর্তে আসে। মহামন্দা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে প্রেসিডেন্ট রুজভেল্টের জনপ্রিয়তায় তখন ভাটা পড়েছে। এরপরও পোলিও রোগের বিরুদ্ধে তার ব্যক্তিগত ও দাতব্য সংগ্রামের প্রতি সম্মান দেখিয়ে ‘রুজভেল্ট ডাইম’ প্রকাশ করা হয়। প্রধান খোদাইকার জন আর সিনকের নকশায় তৈরি রুজভেল্ট ডাইমে প্রেসিডেন্টের প্রতিকৃতি রয়েছে; বাঁ পাশে লেখা আছে ‘Liberty’ এবং নিচে রয়েছে ‘In God We Trust’।

৪. কোয়ার্টার- জর্জ ওয়াশিংটন

‘ওয়াশিংটন কোয়ার্টার’ প্রথম তৈরি হয় ১৯৩২ সালে, প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে। ভাস্কর লরা গার্ডিন ফ্রেজার প্রথমে এ মুদ্রার নকশা করলেও তৎকালীন ট্রেজারি সচিব অ্যান্ড্রু ডব্লিউ মেলন শেষ পর্যন্ত ভাস্কর জন ফ্লানাগানের নকশাটিই বেছে নেন। ২০২২ সাল থেকে অবশ্য ফ্রেজারের প্রতিকৃতিও কোয়ার্টারে ব্যবহৃত হচ্ছে।

৫. হাফ ডলার- জন এফ কেনেডি

আততায়ীর হাতে নিহত হওয়ার এক বছর পর ‘হাফ ডলারে’ উঠে আসেন জন এফ. কেনেডি। মুদ্রাটির সামনের অংশে কেনেডির প্রতিকৃতি রয়েছে; যা তার প্রেসিডেন্সিয়াল মেডেলের জন্য তৈরি নকশা থেকে নেওয়া, আর পেছনে রয়েছে প্রেসিডেন্টের সিলমোহর। কেনেডির আগে এই মুদ্রায় বেনজামিন ফ্র্যাঙ্কলিনের প্রতিকৃতি ছিল এবং ১৯১৬ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত এতে ছিল “Walking Liberty” নকশা।

৬. ১ ডলার কয়েন- স্যাকাগাওয়া

গ্লেনা গুডএকরের নকশা করা এই মুদ্রায় ঐতিহাসিক নারী ব্যক্তিত্ব স্যাকাগাওয়াকে তার শিশু পুত্র জ্যাঁ বাতিস্তেকে বহন করতে দেখা যায়। মুদ্রার পেছনের দিকটি ডিজাইন করেন থমাস ডি. রজার্স সিনিয়র, যেখানে একটি উড়ন্ত আমেরিকান বল্ড ঈগল দেখা যায়। ডলার মুদ্রার অন্যান্য সংস্করণেও বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের ছবি ব্যবহার করা হয়েছে। বর্তমানে ১ ডলার কয়েন আর তৈরি হয় না, তবে মাঝেমধ্যে সংগ্রাহকদের কাছে দেখা যায়।

৭. ১ ডলার নোট- জর্জ ওয়াশিংটন

আজও ব্যবহৃত সবচেয়ে পুরোনো মার্কিন মুদ্রা নকশাগুলোর একটি হলো ১ ডলারের নোট। এর সামনের দিকে জর্জ ওয়াশিংটন-এর ছবি রয়েছে, আর পেছনের দিকে রয়েছে যুক্তরাষ্ট্রের গ্রেট সিল। এই নকশাটি ১৯৬৩ সালের, যদিও ওয়াশিংটনের ছবি প্রথম ডলারে ব্যবহৃত হয় ১৮৬৯ সালে।

৮. ৫ ডলার নোট- আব্রাহাম লিংকন

১৯১৪ সালে আব্রাহাম লিংকনের প্রতিকৃতি প্রথম ৫ ডলারের নোটে আসার আগে আরও সাতজন সাময়িকভাবে এই নোটে স্থান পেয়েছিলেন। বর্তমান নোটে থাকা লিংকনের ছবিটি ১৮৬৪ সালে অ্যান্থনি বার্জারের তোলা পোর্ট্রেটের থেকে নেওয়া।

৯. ১০ ডলার নোট- অ্যালেকজান্ডার হ্যামিল্টন

১০ ডলারের নোটে বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তির ছবি ছিল, যেমন রাজনীতিবিদ ড্যানিয়েল ওয়েবস্টার, অভিযাত্রী মেরিওয়েদার লুইস ও উইলিয়াম ক্লার্ক, এবং প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন। কিন্তু ১৯২৯ সাল থেকে হ্যামিল্টনই এই নোটের স্থায়ী মুখ হয়ে ওঠেন।

১০. ২০ ডলার নোট- অ্যান্ড্রু জ্যাকসন

এই নোটে অ্যান্ড্রু জ্যাকসনের ছবি থাকার বিষয়টি অনেকটা নিয়তির পরিহাসও বলা যায়। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট নিজেই কাগুজে নোটের বিলুপ্তি চেয়েছিলেন। এই নোটের ডিজাইন পরিবর্তনের কথা অনেকবার উঠলেও এখনও পরিবর্তন করা হয়নি।

১১. ৫০ ডলার নোট- ইউলিসিস এস গ্র্যান্ট

১৯১৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের ১৮তম প্রেসিডেন্ট ইউলিসিস এস. গ্র্যান্ট-এর প্রতিকৃতি ৫০ ডলারের নোটে ব্যবহৃত হচ্ছে। তার প্রতিকৃতির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের ছবি, যদিও প্রাথমিক সংস্করণে পানামা, একজন ব্যবসায়ী এবং একটি যুদ্ধজাহাজের ছবিও ছিল। ২০০৪ সাল থেকে নোটের দুই পাশে নীল ও লাল রং যুক্ত করা হয় এবং গ্রান্টের মুখের চারপাশে “Fifty” ও “USA”-র মতো সূক্ষ্ম মাইক্রো-মুদ্রণ রয়েছে। তার ডান পাশে রয়েছে আমেরিকান পতাকার একটি জলছাপ।

১২. ১০০ ডলার নোট- বেনজামিন ফ্র্যাঙ্কলিন

১৯১৪ সাল থেকে তিনি বেনজামিন ফ্র্যাঙ্কলিন অন্যতম মূল্যবান নোট ১০০ ডলারে স্থান পেয়েছেন। ২০১৩ সালে করা বড় ধরনের নতুন নকশায় ফ্র্যাঙ্কলিনকে একটি কলম, কালি-দানি এবং Declaration of Independence-এর পাশে সামান্য বাঁ দিকে দেখানো হয়েছে। এতে হোলোগ্রাফিক জলছাপ ও ব্ল্যাক-লাইট প্রযুক্তিও যোগ করা হয়েছে। নোটের পেছনে রয়েছে ফিলাডেলফিয়ার Independence Hall-এর ছবি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার