Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে না নামায় সৌদিকে ‘পরিণতি’ ভোগের হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধে না নামায় সৌদিকে ‘পরিণতি’ ভোগের হুঁশিয়ারি

বিজ্ঞাপন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে না নামায় সৌদি আরবের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। এরজন্য সৌদি আরবকে ‘পরণতি’ ভোগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গ্রাহাম এ ক্ষোভ প্রকাশ করেছেন। সংবাদমাধ্যম মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

রিপাবলিকান সিনেটর উপসাগরীয় অন্যান্য দেশগুলোকেও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে অংশ না নেয়, তবে তাদেরও এর কঠিন ‘পরিণতি’ ভোগ করতে হবে।

ক্ষোভ প্রকাশ করে গ্রাহাম তার এক্স পোস্টে লেখেন, আমার ধারণা, সৌদি আরব তাদের শক্তিশালী সামরিক বাহিনীকে সেই বর্বর ও সন্ত্রাসী ইরানি সরকারের পতন ঘটানোর কাজে ব্যবহার করতে নারাজ। পুরো অঞ্চলে ইরান আতঙ্ক ছড়িয়েছে এবং ৭ মার্কিন নাগরিককে হত্যা করেছে।

সোমবার ইরান সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং গোয়েন্দা সংস্থা সিআইএ-এর দূতাবাসে হামলা চালিয়েছে।

সিনেটর লিন্ডসে গ্রাহাম গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধে জোরালভাবে লবিং করেছিলেন। মিডলইস্ট আই জানিয়েছে, গত মাসে তার সৌদি আরব সফর ছিল মূলত যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এই হামলায় যুক্ত করার একটি প্রচেষ্টা। গ্রাহাম গত সপ্তাহান্তে ওয়াল স্ট্রিট জার্নালের কাছে তার এই সফরের উদ্দেশ্য নিশ্চিত করেছেন।

বিশ্লেষকদের মতে, গ্রাহামের বক্তব্য চলমান আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। উপসাগরীয় দেশগুলো অভিযোগ করছে যে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পর্যাপ্ত ইন্টারসেপ্টর (ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা) পাচ্ছে না। এ ছাড়া ট্রাম্প প্রশাসন তাদের নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করছে বলে ওই অঞ্চলের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

সোমবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত জামাল আল-মুশারখ জানান, কঠিন পরিস্থিতির শিকার এবং ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগী হওয়া সত্ত্বেও তার দেশ ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না।

তিনি বলেন, আমরা সেই দেশগুলোর একটি যারা শুরু থেকেই আলোচনার প্রয়োজনীয়তা, কূটনীতি এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছি। আমরা বারবার স্পষ্ট করেছি, আমাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। তা সত্ত্বেও আমাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা অত্যন্ত অনভিপ্রেত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার