Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইউরোপের একটি দেশের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:৩১ এএম

ইউরোপের একটি দেশের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

বিজ্ঞাপন

সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর আক্রোতিরি ঘাঁটিতে সন্দেহভাজন একটি ড্রোন আঘাত হেনেছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। সোমবার মন্ত্রণালয়টিকে উদ্ধৃত করে স্কাই নিউজ জানায়, সাইপ্রাসের প্রধান সমুদ্র বন্দর ও দ্বিতীয় বৃহত্তম শহর লিমাসলের নিকটবর্তী ঘাঁটিটিতে সংঘটিত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার ফলে ঘাঁটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সাইপ্রাসের এক সরকারি কর্মকর্তা।

হামলার বিষয়ে সাইপ্রাসের ওই কর্মকর্তা জানিয়েছেন, 'বিভিন্ন চ্যানেল থেকে পাওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে ঘটনার সঙ্গে মানুষবিহীন একটি ড্রোন জড়িত, সেটির কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।' এই ড্রোন হামলাটি কোথা থেকে চালানো হয়েছে বা এর পেছনে কারা জড়িত, তা এখনও পরিষ্কার করা হয়নি। পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হলেও, এই দ্বীপে নিজেদের দুই সামরিক ঘাঁটির এলাকাগুলোর ওপর যুক্তরাজ্য সার্বভৌমত্ব ধরে রেখেছে।

মধ্যপ্রাচ্যে বর্তমানে তীব্র অস্থিরতা বিরাজ করছে, যার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইসরয়েল ও মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেখানে ইরানের পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। এছাড়া, সাইপ্রাসের নিকটবর্তী লেবানন থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালালে, এর প্রতিক্রিয়ায় লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলোতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইইউভুক্ত সাইপ্রাসের ব্রিটিশ বিমান ঘাঁটিতে এই ড্রোন হামলার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার