Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরানিদের ‘প্রতিষ্ঠান দখলের’ আহ্বান ট্রাম্পের, বললেন ‘সহায়তা আসছে’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

ইরানিদের ‘প্রতিষ্ঠান দখলের’ আহ্বান ট্রাম্পের, বললেন ‘সহায়তা আসছে’

বিজ্ঞাপন

ইরানে বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়নের প্রেক্ষিতে দেশটির কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত সব বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজেই এ তথ্য জানিয়ে, বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তাও দিয়েছেন তিনি।

ইরানের জনগণের উদ্দেশে ট্রাম্প বলেছেন, ‘সহায়তা আসছে’। এ খবর দিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেন, 

ইরানের দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান– আপনাদের প্রতিষ্ঠানগুলো দখলে নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের বড় মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে। এমআইজিএ (মেক ইরান গ্রেট এগেইন)!!!

ট্রাম্পের এমন বার্তার পর নতুন করে যুদ্ধের আশঙ্কাও করছেন অনেকে। 

এদিকে ইরানের একজন সরকারি কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানে গত দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। দেশব্যাপী অস্থিরতা দমনে কঠোর পদক্ষেপ নেয়ার পর এই প্রথম কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করলো বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন এবং এর প্রেক্ষিতে উচ্চ মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর রাস্তা নামেন তেহরানের ব্যবসায়ীরা। এরপর তা তেহরানের বাইরে কারাজ, ইসফাহান, শিরাজ, কেরমানশাহসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

ইরানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে চলমান অস্থিরতা উস্কে দেয়ার জন্য অভিযুক্ত করেছে এবং সেই সঙ্গে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করেছে। ফলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে ব্যাপক হতাহতের তথ্যও সামনে আসছে।

রয়টার্স জানিয়েছে, আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, বিক্ষোভকালে ২ হাজার মানুষ নিহত হয়েছেন। বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী—উভয় পক্ষের মৃত্যুর পেছনে ‘সন্ত্রাসীরা’ দায়ী বলেও জানিয়েছেন তিনি। তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ মানুষ আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য তা নির্দিষ্ট করে জানাননি ওই কর্মকর্তা। 

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) নিহতের সংখ্যা ৬৪৬ বলে জানিয়েছে। নিহতদের মধ্যে ৫০৫ জন বিক্ষোভকারী এবং নয়জন শিশু রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এইচআরএএনএ আরও জানিয়েছে, ইরানের ৩১টি প্রদেশের ১৮৭টি শহরের ৬০৬টি স্থানে বিক্ষোভ রেকর্ড করা হয়েছে। এসব বিক্ষোভ থেকে কমপক্ষে ১০ হাজার ৭২১ জনকে আটক করা হয়েছে। ইরান সরকার চলমান বিক্ষোভে কোনো হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার