বিজ্ঞাপন
স্বাস্থ্যের ১৩-১৬তম গ্রেডে জনবল নিয়োগে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের তাগিদ
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:৩৭ এএম
বিজ্ঞাপন
দেশের সর্বস্তরের স্বাস্থ্যপ্রতিষ্ঠানে জনবল ঘাটতি পূরণ এবং চিকিৎসাসেবা জোরদার করতে ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদগুলোতে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুততম সময়ের মধ্যে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্যসেবা বিভাগে অনুষ্ঠিত গত ১৪ এপ্রিলের সমন্বয় সভার সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনি ইশতেহার এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের বিষয়টি রয়েছে।
যা আছে নির্দেশনাসমূহে
নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ অনুযায়ী পদোন্নতি ও সরাসরি নিয়োগের মাধ্যমে ১৩ থেকে ১৬তম গ্রেডের সব শূন্যপদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারির আগে প্রকাশিত যেসব নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বা অসমাপ্ত ছিল, নতুন করে শূন্য পদের ছাড়পত্র নিয়ে আগের আবেদনের সঙ্গেই সেসব পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে। মামলা বা প্রশাসনিক জটিলতার কারণে আটকে থাকা পদগুলোর সমস্যা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা অনুযায়ী পদোন্নতিজনিত জটিলতা নিরসনে ১৪তম গ্রেডে কর্মরত যোগ্য কর্মীদের ১৩তম গ্রেডের শূন্য পদে নিজ বেতনে বা চলতি দায়িত্বে পদায়নের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া প্রতিটি স্বাস্থ্যপ্রতিষ্ঠানকে তাদের নিয়োগ-সংক্রান্ত অগ্রগতির তথ্য নির্ধারিত ছকে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ই-মেইলে ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ নির্দেশনার কপি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন ও সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়কদের কাছে পাঠানো হয়েছে।