Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ এএম

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু

বিজ্ঞাপন

ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিন বাংলাদেশি নাগরিককে তদন্তের আওতায় এনেছে ইতালি। দেশটির সংবাদপত্র ইল গাজ্জেত্তিনোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালানোরও নির্দেশ দিয়েছেন ভেনিসের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। তদন্তের বিষয়টি বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে ঘটা এই হামলা দুই দেশেই কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদেও বিষয়টি উত্থাপিত হওয়ায় দূতাবাস শুরু থেকেই ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছিল।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ভেনিস উৎসবের ‘হরাইজনস’ বিভাগে রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড চলচ্চিত্রের প্রদর্শনী শেষে লিদো দ্বীপ থেকে ফিরছিলেন বাঁধন। মেইনল্যান্ডে নিজের আবাসস্থলে ফেরার পর ভাই, ভাবি ও ছোট ভাগনেকে নিয়ে রাতের খাবার খেতে বের হন তিনি। এ সময় সেখানকার একটি সড়কে প্রায় ১০ জন পুরুষ তাদের ঘিরে ধরে, যাদের সবাই বাংলাদেশি নাগরিক।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা অভিনেত্রীকে হুমকি দেয় এবং অশ্লীল ও লিঙ্গবিদ্বেষী মন্তব্যসহ গালাগাল করে। এরপর তারা বাধনের দিকে ডিম ছুড়ে মারে, গায়ে কোকা-কোলা ও পানি ঢেলে দেয় এবং মুঠোফোন ছিনিয়ে নিয়ে সেটি দিয়েই তাকে আঘাত করে। একপর্যায়ে হামলাকারীদের একজন সজোরে চড় মারলে তার চশমা মাটিতে পড়ে যায়।

তার ভাই ও ভাবি নিজেদের শরীর দিয়ে আড়াল করে তাকে রক্ষার চেষ্টা করেন। এ সময় হামলাকারীদের কয়েকজন তাদের মুঠোফোনে পুরো ঘটনাটি ধারণ করে। এর মধ্যে একটি ভিডিও ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়, যা পরবর্তী সময়ে বাংলাদেশেও ছড়িয়ে পড়ে। হামলাকারীদের শনাক্ত করতে কর্তৃপক্ষকে সহায়তার জন্য ঘটনার পরপরই বাঁধন নিজে তাদের ভিডিও ধারণ করে রাখেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার