Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, এরপর কোথায় যাবেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, এরপর কোথায় যাবেন?

বিজ্ঞাপন

একসময় হলিউডের সিনেমা ও তারকাদের প্রতি আলাদা আগ্রহ ছিল ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের। এবার সেই হলিউডের বিখ্যাত সাইন সরাসরি ঘুরে দেখার সুযোগ হলো তার। ছেলেকে সঙ্গে নিয়ে হলিউড সাইনটির সামনে ঘুরেছেন, তুলেছেন ছবিও। অস্ট্রেলিয়ার সিডনি থেকে দীর্ঘ ভ্রমণে বেরিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন এই অভিনেত্রী।

ছেলের স্কুলে ছুটি থাকায় মা-ছেলে মিলে দুই মাসের ভ্রমণের পরিকল্পনা করেছেন। এবারের সফরে যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যেও যাওয়ার কথা রয়েছে শাবনূরের। ভ্রমণের ফাঁকে অংশ নেবেন কয়েকটি অনুষ্ঠানেও।

গত বৃহস্পতিবার সকালে সিডনি থেকে উড়োজাহাজে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান শাবনূর। সেখানে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। তবে শহরে পৌঁছেই হোটেলে ওঠার আগে তার আগ্রহ ছিল হলিউডের বিখ্যাত সাইনটি কাছ থেকে দেখার। সেই ইচ্ছা পূরণে ছেলেকে নিয়ে চলে যান সান্তা মনিকা পাহাড়ের এলাকায়।

হলিউড ঘুরে মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী। সেখানকার বিশাল আয়োজন, শিল্পচর্চা এবং পর্যটকদের উপস্থিতি তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। লস অ্যাঞ্জেলেসে অবস্থানকালে এক আলাপে নিজের অনুভূতি জানিয়ে শাবনূর বলেন, ‘কত বিশাল এলাকাজুড়ে হলিউডের এই জায়গা! কীভাবে তারা শিল্পকে লালন করছে। সারাদিন এই হলিউড সাইনের পেছনে রেখে ছবি তুলতে কত কত মানুষ আসছে। কী সুন্দর, অভূতপূর্ব! কেউ সরাসরি না এলে এটা কখনো অনুমানও করতে পারবে না।’

আগামী ৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে শাবনূরের। এরপর তার গন্তব্য যুক্তরাজ্যের লন্ডন। সেখানেও একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠান শেষে কয়েক দিন ঘোরাঘুরি করে যাওয়ার পরিকল্পনা রয়েছে নিউইয়র্কে। সবশেষে অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরবেন এই অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রে শাবনূরের পরিচিতজন ও বন্ধুদের সংখ্যাও কম নয়। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা অমিত হাসানের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও আড্ডার সুযোগও এই সফরকে আনন্দময় করে তোলে বলে জানান শাবনূর।

তার ভাষায়, ‘আমেরিকায় এখন আমাদের অনেকে থাকে। মৌসুমী আপু, অমিত হাসানের পরিবারসহ আর অনেকে, তাই এখানে এলে মনেই হয় না, বাইরে কোথাও আছি। ঘুরি-ফিরি, আড্ডা দিই। সময়টা দারুণ কেটে যায়।’

চলতি বছর এটি শাবনূরের দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। তবে এবারের ভ্রমণে ছেলেকে নিয়ে নতুন নতুন শহর ঘুরে দেখা, পরিচিতজনদের সঙ্গে সময় কাটানো এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়াই তার প্রধান ব্যস্ততা। হলিউড ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রীর সামনে এখন লন্ডন ও নিউইয়র্ক সফরের অপেক্ষা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার