Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

মারা গেছেন বিশিষ্ট নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:২০ এএম

মারা গেছেন বিশিষ্ট নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

বিজ্ঞাপন

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন বিশিষ্ট নাট্যকার, পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক মাতিয়া বানু শুকু।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

দীর্ঘ সময় ধরে ক্যানসারে ভুগছিলেন মাতিয়া বানু শুকু। নিয়মিত চিকিৎসা চললেও ক্রমেই অবনতি হচ্ছিল তার শারীরিক অবস্থার। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে গত ২১ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তাঁকে উচ্চমাত্রার অক্সিজেন দিতে হচ্ছিল। সে সময় চিকিৎসকেরাও তাঁর অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। শেষ পর্যন্ত দীর্ঘদিনের অসুস্থতার কাছে হার মানেন এই গুণী নির্মাতা।

তাঁর চিকিৎসা নিয়ে পরিবারের পাশাপাশি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও উদ্বেগ ছিল। দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে আর্থিক সংকটের কথা জানিয়েছিলেন তার স্বামী নির্মাতা নূরুল আলম আতিক। স্ত্রীর চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়তা চেয়ে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের প্রতি আবেদন জানিয়েছিলেন তিনি। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন মহল থেকেও সহযোগিতার হাত বাড়ানো হয়।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন তিনি। সৃজনশীল কাজের মধ্য দিয়ে নাট্যাঙ্গনে গড়ে তুলেছিলেন নিজস্ব পরিচিতি। তাঁর রচনা ও নির্মাণে উঠে এসেছে মধ্যবিত্তের জীবনযাপন, পারিবারিক সম্পর্ক, সামাজিক বাস্তবতা ও মানুষের নানা অভিজ্ঞতা।

তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’। টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক নির্মাণের মাধ্যমেও দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। গল্প উপস্থাপনের স্বতন্ত্র ভঙ্গি এবং সমাজ ও মানুষের জীবনঘনিষ্ঠ বিষয়গুলো তুলে ধরার কারণে তাঁর কাজ আলাদা বৈশিষ্ট্য পেয়েছিল।

নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও সক্রিয় ছিলেন মাতিয়া বানু শুকু। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। চলচ্চিত্র প্রযোজনায় তাঁর এই অর্জন ছিল উল্লেখযোগ্য স্বীকৃতি।

তার প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গন হারাল নাটক ও চলচ্চিত্রের এক পরিচিত সৃজনশীল ব্যক্তিত্বকে। তবে তার নির্মিত ও রচিত কাজের মধ্য দিয়ে দর্শক-শ্রোতাদের স্মৃতিতে বেঁচে থাকবেন মাতিয়া বানু শুকু।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার