বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ তথা বাঙালি কন্যা টিনা দত্ত-র জীবনে ঘটে গেল এক চরম অনভিপ্রেত ও ভয়াবহ দুর্ঘটনা। অনেক ভালোবাসা দিয়ে নিজের মনের মতো করে স্বপ্নের ফ্ল্যাটটি সাজিয়েছিলেন অভিনেত্রী।
মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে ঘরের অন্দরসজ্জার ছবি ও ভিডিও প্রকাশ করতেন এই অভিনেত্রী। তবে এবার সেই ঘরেই তার মাথার ওপর ভেঙে পড়েছে বসার ঘরের সিলিংয়ের বড় একটি অংশ। এতে কাঁধে আঘাতও পেয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে দুর্ঘটনার কথা জানিয়েছেন টিনা। ভিডিওতে দেখা যায়, সিলিংয়ের অংশ ভেঙে বসার ঘরের বেশির ভাগ জায়গায় ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার জীবনের গল্প… কিছুটা মজার, কিছুটা অদ্ভুত।’
টিনা জানান, দুর্গাপূজার ছুটিতে কলকাতায় ছিলেন তিনি। গত ৩১ অক্টোবর মুম্বাইয়ে ফিরে গোসল শেষে খাবার খাচ্ছিলেন। এ সময় মেঝেতে ছাদের ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেননি। ভেবেছিলেন, হয়তো গৃহকর্মী ঘর পরিষ্কার করতে গিয়ে ময়লা ফেলেছেন। কিন্তু পরে বুঝতে পারেন, ঘরের সিলিংয়েরই বড় একটি অংশ ভেঙে পড়েছে।
দুর্ঘটনার সময় সিলিংয়ের ভাঙা অংশ তার ওপরও পড়ে। এতে কাঁধে আঘাত পান অভিনেত্রী। এমন পরিস্থিতিতে প্রথম দুই দিন চুপ থাকলেও তৃতীয় দিন ঘরের বেহাল অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে নিজেকে সামলে নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও জানিয়েছেন।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর টিনার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। তবে আশ্বস্ত করে অভিনেত্রী জানিয়েছেন, সিলিংটি ছিল ফলস সিলিং। সে কারণেই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি।