Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

কেন মঞ্চেই ঢলে পড়লেন মিষ্টি জান্নাত, এখন কেমন আছেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

কেন মঞ্চেই ঢলে পড়লেন মিষ্টি জান্নাত, এখন কেমন আছেন?

বিজ্ঞাপন

অংশ নিয়েছিলেন রাজধানীর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে র‍্যাম্পে হাঁটার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ঘটনা ঘটে। ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসরে একটি বেসরকারি ইলেকট্রনিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নিয়েছিলেন মিষ্টি জান্নাত।

অনুষ্ঠান চলাকালে র‍্যাম্পে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার এমন অবস্থায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

কী হয়েছিল মিষ্টি জান্নাতের? কেন মঞ্চেই ঢলে পড়লেন নায়িকা- খোঁজ নিতে গিয়ে জানা যায়, গেল তিন দিন ধরে জ্বর ও বমিতে ভুগছিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শারীরিক অসুস্থতা নিয়েই র‌্যাম্পে অংশ নিয়েছিলেন। কিন্তু তার শরীর সেই ধকল সামলে নিতে পারেনি।

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘আপাতত বাসাতেই আছি। চিকিৎসা শেষ করে ফিরেছি। তিন দিন ধরে আমার জ্বর ও বমি হচ্ছিল। সেই অসুস্থতা নিয়েই অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। সেখানে মাথা ঘুরে পড়ে যাই। ওই অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পায়ের লিগামেন্টে সমস্যা হয়েছে। সবাই দোয়া করবেন।’

২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এতে তার বিপরীতে অভিনয় করেন বাপ্পী চৌধুরী। এরপর ‘চিনি বিবি’, ‘তুই আমার’, ‘আমি নেতা হবো’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০১৯ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘তুই আমার রানি’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত হন মিষ্টি। অভিনয়ের বাইরে দন্ত চিকিৎসক হিসেবেও পরিচিত তিনি। পড়াশোনা ও পেশাগত ব্যস্ততার কারণে চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও আবারও অভিনয়ে সক্রিয় হওয়ার পরিকল্পনার কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন এই অভিনেত্রী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার