বিজ্ঞাপন
মিস ইউনিভার্সে পোশাক খুলে শরীর পরীক্ষা, তোলপাড় করা সেই ঘটনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম
বিজ্ঞাপন
নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য ও ব্যক্তিত্ব উদ্যাপনের মঞ্চ হওয়ার কথা ছিল মিস ইউনিভার্স। অথচ সেই প্রতিযোগিতার আড়ালেই কয়েকজন প্রতিযোগীকে পোশাক খুলে শরীর পরীক্ষা করানোর অভিযোগ ওঠে। এমনকি তাদের অনুমতি ছাড়াই তোলা হয় আপত্তিকর ছবি। ২০২৩ সালের এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল ইন্দোনেশিয়ায়, প্রশ্নের মুখে পড়েছিল বিশ্বের অন্যতম পরিচিত সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা।
সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হবেন, তা হয়তো কল্পনাও করেননি প্রতিযোগীরা। মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকজন নারীর অভিযোগ, আয়োজকেরা তাদের পোশাক খুলে শরীর পরীক্ষা করতে বাধ্য করেন। শুধু তা-ই নয়, অন্তর্বাস খুলে শরীরের বিভিন্ন অংশ দেখানোর পাশাপাশি আপত্তিকর ভঙ্গিতে দাঁড় করিয়ে ছবি তোলার অভিযোগও ওঠে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, পুরো প্রক্রিয়ার সময় সেখানে পুরুষসহ প্রায় দুই ডজন মানুষ উপস্থিত ছিলেন।
২০২৩ সালের আগস্টে ঘটনাটি প্রকাশ্যে এলে ইন্দোনেশিয়াজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। ভুক্তভোগী প্রতিযোগীরা পুলিশের দ্বারস্থ হন। আন্তর্জাতিক পর্যায়েও সমালোচনার মুখে পড়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আন্তর্জাতিক সংস্থাটি। পরে এ ঘটনায় একজন শীর্ষ কর্মকর্তার কারাদণ্ডও হয়।
২০২৩ সালের ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতা। ওই বছরের আন্তর্জাতিক মিস ইউনিভার্স আসরে দেশের প্রতিনিধিকে নির্বাচন করাই ছিল আয়োজনের উদ্দেশ্য। কিন্তু চূড়ান্ত পর্বের মাত্র দুই দিন আগে, ১ আগস্ট ঘটে বিতর্কিত ঘটনাটি। প্রতিযোগীদের অভিযোগ, শরীরে কোনো দাগ, সেলুলাইট কিংবা ট্যাটু রয়েছে কি না, তা যাচাইয়ের কথা বলে তাদের একটি কক্ষে নেয়া হয়। সেখানে গিয়ে তারা জানতে পারেন, পরীক্ষা করার জন্য পোশাক খুলতে হবে।
অভিযোগকারীদের আইনজীবী মেলিসা আংগ্রায়েনির ভাষ্য অনুযায়ী, অন্তত কয়েকজন প্রতিযোগীকে একটি হোটেলের বলরুমে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাদের অন্তর্বাস খুলতেও বলা হয়। কক্ষটিতে প্রায় দুই ডজন মানুষ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে পুরুষও ছিলেন। পাঁচজন প্রতিযোগীর অভিযোগ, তাদের টপলেস অবস্থায় ছবি তোলা হয়েছিল।
এক প্রতিযোগী জানান, এমন পরিস্থিতির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। হঠাৎ পোশাক খুলতে বলা হলে তিনি হতভম্ব হয়ে যান। অন্যদিকে, আরেক প্রতিযোগীর অভিযোগ, তাকে এমন কিছু ভঙ্গিতে দাঁড়াতে বলা হয়েছিল, যা তার কাছে ছিল অত্যন্ত অপমানজনক। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, প্রতিযোগিতার আনুষ্ঠানিক কর্মসূচিতে এমন কোনো পরীক্ষার উল্লেখই ছিল না। তাহলে কেন এবং কার নির্দেশে প্রতিযোগীদের এ পরিস্থিতির মুখোমুখি হতে হলো?
আইনজীবী মেলিসা আংগ্রায়েনি বলেন, যে আয়োজন নারীর আত্মবিশ্বাস ও মর্যাদা বাড়ানোর কথা, সেখানে নারীদেরই বস্তু হিসেবে বিবেচনা করা হয়েছে। ঘটনার পর নীরব থাকেননি প্রতিযোগীরা। ২০২৩ সালের আগস্টে একের পর এক নারী পুলিশের কাছে অভিযোগ জমা দেন। প্রথম দিকে ছয়জনের অভিযোগের খবর সামনে এলেও পরে অভিযোগকারীর সংখ্যা আরও বাড়ে। দ্য জাকার্তা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মোট আটজন প্রতিযোগী আয়োজক প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।
অভিযোগের মধ্যে ছিল অনাকাঙ্ক্ষিত আচরণ, সম্মতি ছাড়া ছবি তোলা এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। বিষয়টি ইন্দোনেশিয়ার ২০২২ সালের যৌন সহিংসতাবিরোধী আইনের আওতায় তদন্তের দাবি ওঠে। জাকার্তা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং অভিযোগকারীদের বক্তব্য সংগ্রহের উদ্যোগ নেয়া হয়। এ ঘটনায় কয়েকজন প্রতিযোগী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তাদের মনঃসামাজিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও করা হয়। ইন্দোনেশিয়ার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক জাতীয় কমিশনও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। কমিশনের বক্তব্য ছিল, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেয়ার অর্থ এই নয় যে প্রতিযোগীদের যৌন হয়রানি বা অসম্মানজনক আচরণ মেনে নিতে হবে।
এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীদের নিয়েও নেতিবাচক মন্তব্য শুরু হয়। কেউ কেউ যুক্তি দেন, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলে এ ধরনের পরীক্ষা মেনে নেওয়া উচিত। তবে এ যুক্তির বিরোধিতা করে নারী অধিকারকর্মীরা বলেন, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে একজন নারী তার ব্যক্তিগত গোপনীয়তা ও শরীরের ওপর নিজের অধিকার হারান না। বিতর্কের কেন্দ্রে ছিল ইন্দোনেশিয়ায় মিস ইউনিভার্সের ফ্র্যাঞ্চাইজি পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি কাপেলা স্বস্তিকা কারিয়া। প্রতিষ্ঠানটির জাতীয় পরিচালক ও লাইসেন্সধারী পপি কাপেলা অবশ্য অভিযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি জানান, প্রতিযোগীদের সঙ্গে এমন আচরণের বিষয়ে তিনি কিছুই জানতেন না। কাউকে এ ধরনের পরীক্ষা করতে নির্দেশ দেননি, এমনকি এর অনুমতিও দেননি। যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে নিজের অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। তবে অভিযোগের গুরুত্ব ও তদন্তের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মিস ইউনিভার্স কর্তৃপক্ষ ইন্দোনেশিয়ার আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এতে সৌন্দর্য প্রতিযোগিতাটির আন্তর্জাতিক ভাবমূর্তিও বড় ধরনের ধাক্কা খায়।
ঘটনাটি শুধু অভিযোগ আর বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আদালতেও গড়ায় এর বিচারিক প্রক্রিয়া। ২০২৪ সালের ৭ মার্চ জাকার্তার কেন্দ্রীয় জেলা আদালত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা অ্যান্ডারিয়া সারাহ দেউইয়াকে ইলেকট্রনিক মাধ্যমে যৌন সহিংসতার অপরাধে দোষী সাব্যস্ত করেন। আদালত তাঁকে এক বছর চার মাসের কারাদণ্ড দেন।
মামলার বিচারিক নথিতে উঠে আসে, প্রতিযোগীদের অনুমতি ছাড়াই তাদের শরীরের বিভিন্ন অংশের ছবি তোলা হয়েছিল। চারজন প্রতিযোগীর শরীরের বিভিন্ন অংশের মোট ১৭টি ছবি অভিযুক্ত কর্মকর্তার মুঠোফোনে সংরক্ষিত ছিল বলেও উল্লেখ করা হয়। একটি সৌন্দর্য প্রতিযোগিতা, যেখানে নারীর আত্মবিশ্বাস, স্বাধীনতা ও ব্যক্তিত্বকে উদ্যাপন করার কথা, সেখানেই এমন অভিযোগ বিশ্বজুড়ে নতুন করে প্রশ্ন তুলেছিল প্রতিযোগীদের নিরাপত্তা, সম্মতি ও ব্যক্তিগত মর্যাদা নিয়ে। মিস ইউনিভার্সের মঞ্চে সৌন্দর্যের বিচার হয়তো চলবে, কিন্তু সেই সৌন্দর্য যাচাইয়ের নামে একজন নারীর সম্মতি ও মর্যাদা উপেক্ষা করার অধিকার কারও নেই, ইন্দোনেশিয়ার এই ঘটনা সেই প্রশ্নই সামনে নিয়ে এসেছিল।