বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলো টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব অভিনীত ৫০তম ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার মুক্তির তারিখ।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ সিনেমার নতুন পোস্টার প্রকাশ্যে এনে মুক্তির দিন ঘোষণা করলেন অভিনেতা। প্রতি বছরের মতো এবারেও নিজের জন্মদিনের ঠিক আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বড়পর্দায় দর্শকদের এ বিশেষ উপহার দিতে চলেছেন দেব।
২০২৬ সালের শুরুতেই এ অভিনেতা ঘোষণা করেছিলেন চলতি বছরে ‘দেশু ৭’, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ এবং ‘টনিক ২’ সিনেমার মতো একগুচ্ছ ছবি নিয়ে আসছেন তিনি। এর মধ্যে স্বাধীনতা দিবস উপলক্ষে দেবের ৫০তম সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু একই সময়ে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তি পাওয়ায় সৌজন্য দেখিয়ে নিজের ছবির মুক্তি পিছিয়ে দেন দেব।
তবে সেই সময় তিনি জানিয়েছিলেন, এই তারিখ বদলের কারণে চলতি বছরে আর ‘টনিক ২’ মুক্তি দেওয়া সম্ভব নয়, তা আগামী বছরের শুরুতে আসবে। কিন্তু ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ কবে মুক্তি পাবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। শনিবার সন্ধ্যায় নতুন পোস্টার শেয়ার করে সেই জল্পনার অবসান ঘটালেন এ 'পাগলু'খ্যাত অভিনেতা।
নতুন পোস্টারে দেখা গেছে, বাইকে করে এক মুমূর্ষু রোগীকে নিয়ে যাচ্ছেন দেব। বাইকে বসে রয়েছেন এক মা ও তার ছোট্ট শিশু। পোস্টারের ক্যাপশনে দেব লিখেছেন— ‘দু'চাকায় ভর দিয়ে হাজারো প্রাণ বাঁচানোর এক অসাধারণ লড়াই।’ পোস্টারের উপরেই বড় করে লেখা মুক্তির তারিখ।
বিনয় মুদগিল পরিচালিত এ সিনেমায় দীর্ঘদিন পর আবার দেবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। এ ছাড়া সিনেমাটিতে একটি ধূসর চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাশীষ রায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়কে।
উল্লেখ্য, এ সিনেমার গল্পটি উঠে এসেছে একটি সত্যি ঘটনা অবলম্বনে। জলপাইগুড়ির বাসিন্দা করিমুল হক নিজের সাধারণ বাইককেই বদলে ফেলেছিলেন আস্ত একটি অ্যাম্বুলেন্সে। দুর্গম এলাকা থেকে হাজারও মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। জানা গেছে, সময়মতো অ্যাম্বুলেন্স না পেয়ে তার মায়ের মৃত্যু হয়েছিল। সেই যন্ত্রণা থেকেই মানুষকে বাঁচানোর ব্রত নেন করিমুল। তার এ অসামান্য মানবিক কর্মযজ্ঞকে সম্মান জানিয়ে ২০১৭ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। এবার সেই বাস্তবের নায়কের গল্পই দেবের হাত ধরে উঠে আসছে বড়পর্দায়।