বিজ্ঞাপন
ঋতুপর্ণার গাড়িতে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
বিজ্ঞাপন
বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কলকাতায় অভিনেত্রীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। বাড়ির সামনে পার্ক করে রাখা তাঁর গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি ম্যাটাডোর। এতে গাড়িটির পেছনের বাঁ পাশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন অভিনেত্রী।
ঋতুপর্ণা জানান, ঘটনার সময় তিনি বাড়ির ভেতরে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ির কর্মীদের সঙ্গে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। সেখানে গিয়ে দেখেন, একটি ম্যাটাডোর তাঁর পার্ক করে রাখা গাড়িতে ধাক্কা দিয়েছে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটির পেছনের বাঁ পাশের বেশ কয়েকটি অংশ দুমড়ে-মুচড়ে গেছে। একই ঘটনায় তাঁর এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অভিনেত্রীর ভাষ্য, দুর্ঘটনার সময় সেখানে কোনো মানুষ উপস্থিত থাকলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত। এমন বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
দুর্ঘটনার পর ম্যাটাডোর চালক যাতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য তাঁকে আটকে রাখেন ঋতুপর্ণা ও তাঁর বাড়ির লোকজন। এ সময় গাড়িটির চাবিও নিজেদের হেফাজতে নেন তাঁরা। পরে চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি ওই গাড়ির অনুমোদিত চালক নন। পেশায় একজন ক্যাটারিং কর্মী। তাঁর কাছে বৈধ গাড়ি চালানোর লাইসেন্সও ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঋতুপর্ণা বলেন, অনুমতি ও বৈধ লাইসেন্স ছাড়া বাণিজ্যিক গাড়ি চালানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ। এমন অবিবেচক কাজ যেকোনো সময় বড় দুর্ঘটনা কিংবা প্রাণহানির কারণ হতে পারে। সমাজের প্রতি প্রত্যেক মানুষের ন্যূনতম দায়িত্ববোধ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন ঋতুপর্ণা। তবে এ ঘটনায় চালকের দায়িত্বহীনতা ও বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।