বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কাজী হায়াৎ পরিচালিত মা-ছেলের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ব্যাপক জনপ্রিয় চলচ্চিত্র ‘আম্মাজান’। ১৯৯৯ সালের ২৫ জুন মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়। এখানেই শেষ নয়, ব্যবসায়িকভাবেও বছরের সেরা সিনেমার তালিকায় ছিল এটি। সিনেমাটির নামভূমিকায় অর্থাৎ ‘আম্মাজান’ চরিত্রে অভিনয় করেন শবনম। তার ছেলের চরিত্রে অভিনয় করেন প্রয়াত নায়ক মান্না।
অভিনয় ক্যারিয়ারে শবনম অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন। তবে ‘আম্মাজান’ মুক্তির পর সবাই তাকে ‘আম্মাজান’ বলেই ডাকেন। কিন্তু এই চরিত্রে অভিনয় করার কথা ছিল বরেণ্য অভিনেত্রী শাবানার। সিনেমার গল্প শুনে কেঁদেছিলেন তিনি। দীর্ঘ অভিজ্ঞতা থেকে ধারণা করেছিলেন-সিনেমাটি হিট হবে। তারপরও সিনেমাটির কাজ ছেড়ে দেন এই অভিনেত্রী। কিন্তু এমনটা কেন করেছিলেন? এ প্রশ্নের উত্তর দিয়েছেন পরিচালক কাজী হায়াৎ।
দুই যুগের বেশি সময় আগের স্মৃতির কথা খুলে বলতে শুরু করেন কাজী হায়াৎ। তিনি বলেন, ‘আম্মাজান হওয়ার কথা ছিল শাবানার। তাকে যখন গল্পটি শোনালাম, গল্পটি শুনে কেঁদে ফেললেন তিনি। সঙ্গে সঙ্গে বললেন, ‘হায়াৎ ভাই, আমি সিনেমাটি করব। আগামীকাল এসে শিডিউল নিয়ে যাইয়েন।’ খবরটি ডিপজলকে জানালাম। কারণ সিনেমাটির প্রযোজক ছিলেন ডিপজল। সব শুনে ডিপজল আমাকে সাইনিং মানির টাকা দিয়ে দিলেন।’
সাইনিং মানি দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন কাজী হায়াৎ। তার ভাষায়, ‘এফডিসির ৮ নাম্বার ফ্লোরে শুটিং চলছিল। পরের দিন সেখানে গেলাম। গিয়ে শুনলাম, শাবানা শুটিং নিয়ে ব্যস্ত। আমি অপেক্ষা করলাম। পরে আমাকে দেখেও উনি কথা বললেন না। এমনটা দুই-তিনবার হলো। এক পর্যায়ে উঠে গিয়ে উনার সামনে দাঁড়ালাম। বললাম, ম্যাডামা আপনি আমার সঙ্গে কথা বলছেন না কেন? আমি তো আপনার সাইনিং মানি নিয়ে এসেছি। আপনি বলেছিলেন, আজ শিডিউল দেবেন। আমার কথা শুনে উনার চোখ ছলছল করে ওঠে।’
পরের ঘটনা বর্ণনা করে কাজী হায়াৎ বলেন, ‘শাবানা ম্যাডাম, আমাকে ‘হায়াৎ’ বলেই ডাকতেন। আমি ‘ঈমান’ সিনেমার সহকারী ছিলাম। যাইহোক, তারপর উনি বললেন, ‘হায়াৎ, আমি সিনেমাটি করতে পারব না।’ আমি বললাম, কেন ম্যাডাম? জবাবে বললেন, ‘আমি যাদের সঙ্গে নায়িকা হিসেবে সিনেমা করি, তাদের বলেছিলাম-একটি সিনেমায় মান্নার মা হতে চলেছি। সিনেমার নাম আম্মাজান। আমি সিনেমাটি করতে চাই।’ মূলত, উনার সঙ্গে যারা নায়কের চরিত্রে অভিনয় করেন, তারা সকলে সিনেমাটি করতে নিষেধ করেন। তারা বলেছিলেন, ‘আপনি যদি মান্নার মা হয়ে যান, তখন তো আর আমাদের নায়িকা থাকবেন না’।’
গল্প শুনেই ‘আম্মাজান’ সিনেমার ভবিষ্যৎ আঁচ করেছিলেন শাবানা। তা জানিয়ে কাজী হায়াৎ বলেন, ‘শাবানা ম্যাডাম অনেক কষ্ট পেয়ে দুঃখের সঙ্গে বলেছিলেন, ‘হায়াৎ ভাই, আপনার সিনেমাটি না করতে পারার কারণে আমি অত্যন্ত দুঃখিত। আমি জানি, এটি অনেক ভালো একটি সিনেমা হবে, অনেক নাম করবে! তারপরও সিনেমাটি করতে পারছি না।’
‘আম্মাজান’ থেকে শাবানা সরে দাঁড়ানোর পর বিকল্প খুঁজেন পরিচালক কাজী হায়াৎ। অভিনেত্রী শবনমকে চরিত্রটি রূপায়নের প্রস্তাব দেন। এ পরিচালক বলেন, ‘পরে আমি শবনম ম্যাডামকে পাই, উনাকে গল্প শোনাই। উনি রাজি হলেন এবং ‘আম্মাজান’ নির্মিত হলো। চলচ্চিত্রের ইতিহাসে ‘আম্মাজান’ আজও একটি ইতিহাস। মান্নার জীবনে একটি ইতিহাস হয়ে আছে।’