Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

এক তারকার বাড়ি কিনছেন আরেক তারকা, হলিউডে প্রাসাদ কেনাবেচার অদ্ভুত লেনদেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ এএম

এক তারকার বাড়ি কিনছেন আরেক তারকা, হলিউডে প্রাসাদ কেনাবেচার অদ্ভুত লেনদেন

বিজ্ঞাপন

হলিউডের তারকাদের মধ্যে বাড়ি কেনাবেচার এক অদ্ভুত প্রবণতা দেখা যাচ্ছে। একজন তারকার পুরোনো বাড়ি কিনছেন আরেক তারকা, আবার কয়েক বছর পর সেই বাড়ি চলে যাচ্ছে অন্য কোনো পরিচিত মুখের কাছে। ব্র্যাড পিট, অ্যাডেল, সিলভেস্টার স্ট্যালোন, অস্টিন বাটলার ও অ্যারন পলের মতো তারকাদের সম্পত্তি কেনাবেচার ধারাবাহিকতায় বিষয়টি সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ১৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, তারকাদের জীবনযাত্রার বিশেষ চাহিদা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার প্রয়োজনই এ ধরনের লেনদেনের অন্যতম কারণ।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর অভিনেতা অস্টিন বাটলার ব্র্যাড পিটের কাছ থেকে একটি প্রাসাদ কিনেছেন। এর আগের মাসে ব্র্যাড পিট কিনেছিলেন সংগীত দল দ্য কিলারসের এক সদস্যের কাছ থেকে একটি বাড়ি। ২০২২ সালে সংগীতশিল্পী অ্যাডেল অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের পুরোনো বেভারলি হিলসের বাড়ি কেনেন। তবে বাড়িটি কেনার সময় তাঁর একটি বিশেষ শর্ত ছিল। স্ট্যালোনের রকি চরিত্রের বিখ্যাত ভাস্কর্যটি বাড়িতেই রাখতে দিতে হবে। স্ট্যালোন সেই শর্ত মেনে নেওয়ার পরই বাড়িটি কেনেন অ্যাডেল।

এ ধরনের সম্পত্তি কেনাবেচার আরেকটি উদাহরণ অভিনেতা অ্যারন পলের বাড়ি। তিনি সম্প্রতি যে বাড়িটি বিক্রি করেছেন, সেটি আগে কিনেছিলেন টেলিভিশন সিরিজ ‘দ্য বিগ ব্যাং থিওরি’র অভিনেতা জিম পারসন্সের কাছ থেকে। পারসন্স বাড়িটি কিনেছিলেন রবার্ট প্যাটিনসনের কাছ থেকে। এর আগেও বাড়িটির মালিক ছিলেন অভিনেতা নোয়া ওয়াইল, বাস্কেটবল কিংবদন্তি করিম আবদুল-জব্বার, টিম কারি এবং ‘লিগ্যালি ব্লন্ড’ চলচ্চিত্রের পরিচালক রবার্ট লুকেটিক। এভাবে একই বাড়ি বিভিন্ন সময়ে একাধিক পরিচিত ব্যক্তির মালিকানায় গেছে।

চেস্টারটনস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুসার মতে, তারকাদের বাড়ি কেনার ক্ষেত্রে সাধারণ ক্রেতাদের তুলনায় আলাদা কিছু চাহিদা থাকে। নিরাপত্তাবেষ্টিত প্রবেশপথ, নিরিবিলি পরিবেশ, বড় ব্যক্তিগত জমি, কর্মীদের থাকার জায়গা এবং ভক্তদের ভিড় এড়িয়ে চলার মতো সুযোগ তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। কোনো বাড়িতে আগে থেকেই তারকা বসবাস করে থাকলে সেটি ওই বিশেষ জীবনযাপনের উপযোগী কি না, সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়। এ কারণে তারকাদের মধ্যে আগে ব্যবহৃত বাড়ির প্রতি আগ্রহ তৈরি হয়।

অনেক তারকা আবার প্রকাশ্য বাজারে বাড়ি বিক্রি করতে চান না। মুসার মতে, উচ্চমূল্যের সম্পত্তির ক্রেতা, বিক্রেতা ও তাঁদের বিশ্বস্ত উপদেষ্টাদের মধ্যে একটি সীমিত যোগাযোগব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে বাড়ি বাজারে প্রকাশ্যে তোলার আগেই সম্ভাব্য ক্রেতা খুঁজে পাওয়া যায়। ২০২২ সালে সংগীতশিল্পী ড্রেক অভিনেতা রব উইলিয়ামসের বেভারলি ক্রেস্টের বাড়ি এ ধরনের গোপন লেনদেনের মাধ্যমে কিনেছিলেন। এতে বাড়ির ছবি, ব্যক্তিগত জিনিসপত্র ও অবস্থান নিয়ে অপ্রয়োজনীয় প্রচার এড়ানো সম্ভব হয়।

তবে প্রকাশ্যে বাড়ি বিক্রির কারণে কী ধরনের ব্যক্তিগত তথ্য সামনে চলে আসতে পারে, তার উদাহরণ অভিনেতা জো পেসকির বাড়ি। ২০১৯ সালে নিউ জার্সির জার্সি শোর এলাকায় নিজের আট শয়নকক্ষের প্রাসাদটি ৬৫ লাখ ডলারে বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। অনলাইনে প্রকাশিত ছবিতে বাড়ির ভেতরের ব্যক্তিগত সংগ্রহও দেখা যায়। প্রবেশপথের কাছে ছিল একটি নাপিতের চেয়ার, কারণ ষাটের দশকে পেসকি নাপিতের কাজ করতেন। ছিল তাঁর চলচ্চিত্রের ১২টি পোস্টার, ‘লেথাল উইপন থ্রি’ চলচ্চিত্রের আদলে তৈরি পিনবল টেবিল এবং ‘গুডফেলাস’ চলচ্চিত্রে অস্কার জয়ের একটি বড় বাঁধানো ছবি। এমনকি বাড়ির একটি কক্ষে নিজের ছবি ও মজার বক্তব্যসংবলিত একটি বড় মিমও রাখা ছিল।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পেসকির বাড়িটি তিনি ছেড়ে যাওয়ার চার বছর পর ভেঙে ফেলা হয়। লেখকের মতে, অন্য কোনো তারকার কাছে গোপনে বিক্রি করলে হয়তো বাড়ির ভেতরের এত ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আসত না। সব মিলিয়ে তারকাদের মধ্যে বাড়ি কেনাবেচা শুধু সম্পত্তির বিনিয়োগ নয়, বরং নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও বিশেষ জীবনযাত্রার প্রয়োজনের সঙ্গেও জড়িত।

সংবাদসূত্র: দ্য গার্ডিয়ান

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার