Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

প্রয়াত অভিনেত্রী নিম্মির ৮ কোটি মূল্যের সম্পত্তি দখলের চেষ্টা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

প্রয়াত অভিনেত্রী নিম্মির ৮ কোটি মূল্যের সম্পত্তি দখলের চেষ্টা

বিজ্ঞাপন

বলিউডের প্রয়াত অভিনেত্রী নিম্মি। এবার তার সম্পত্তি নিয়েই বড় ধরনের এক বিরোধ তৈরি হয়েছে। জীবদ্দশায় তার দেখাশোনার দায়িত্বে ছিলেন আসরার আহমেদ শেখ। অভিনেত্রীর বিশাল সম্পত্তির দিকে লোভ পড়েছে দীর্ঘদিনের এই পরিচর্যাকারীর। প্রায় ৮ কোটি রুপি মূল্যের সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে আসরার আহমেদ শেখের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নিম্মির পরিবারের অভিযোগ, অভিনেত্রীর সম্পত্তি ও ব্যাংকে জমা অর্থ আত্মসাতের চেষ্টা করেছেন ওই পরিচর্যাকারী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় অভিযোগটি দায়ের করা হয়। নিম্মির প্রয়াত দত্তক ছেলে আলী সৈয়দ পারভেজের স্ত্রী সালমা নেলদি পারভিনের পক্ষে তার পাওয়ার অব অ্যাটর্নিধারী আত্মীয় মোহাম্মদ ইউনুস সালিম দুররানি অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, নিম্মির সম্পদের মধ্যে রয়েছে মুম্বাইয়ের জুহু তারা রোডের নেহা অ্যাপার্টমেন্টে দুটি ফ্ল্যাট, যার আনুমানিক মূল্য ৭ থেকে ৮ কোটি রুপি। এ ছাড়া ভারতের স্টেট ব্যাংক ও সারস্বত ব্যাংকে প্রায় ১ কোটি ৭৭ লাখ রুপির স্থায়ী আমানত, স্বর্ণালংকার এবং একটি গাড়িও রয়েছে।

পরিবারের অভিযোগ, নিম্মির জীবদ্দশায় তার সঙ্গে যৌথ ব্যাংক হিসাব ছিল আসরার আহমেদ শেখের। অভিনেত্রীর শেষ জীবনে সেই হিসাবের সুযোগ নিয়ে স্থায়ী আমানতের অর্থ সরিয়ে নিয়েছেন তিনি। এমনকি নিম্মির গাড়িটি ভাঙারি হিসেবে বিক্রি করে সেই অর্থও নিজের কাছে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি জুহুর দুটি ফ্ল্যাটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

উইল গোপন করার অভিযোগ

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, নিম্মির উইলে তার দত্তক ছেলেকে সম্পত্তির প্রধান উত্তরাধিকারী করা হয়েছিল। কিন্তু পরিচর্যাকারী ওই উইল গোপন করেন বলে অভিযোগ পরিবারের। এ বিষয়ে বিস্তারিত জানতে তারা বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

পরিবারের দাবি, হাইকোর্টে উইলের প্রবেট-সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আসরার আহমেদ শেখ তাদের কাছে দুটি ফ্ল্যাট বিক্রি করে অর্থ ভাগাভাগির প্রস্তাব দেন। তবে সেই প্রস্তাবে রাজি হয়নি পরিবার।

এসব অভিযোগের ভিত্তিতে সান্তাক্রুজ থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় আসরার আহমেদ শেখের বিরুদ্ধে মামলা করেছে। এর মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং জালিয়াতিসংক্রান্ত ধারাও রয়েছে। ঘটনার তদন্ত চলছে। তবে অভিযোগের বিষয়ে পরিচর্যাকারীর বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

কে ছিলেন নিম্মি?

নওয়াব বানু নামে জন্ম নেওয়া নিম্মি ১৯৪০ ও ১৯৫০-এর দশকে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের একজন ছিলেন। রাজ কাপুর ও দিলীপ কুমারের মতো তারকাদের সঙ্গে অভিনয় করে পরিচিতি পান তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বারসাত’, ‘আন’, ‘উড়ন খাটোলা’ ও ‘মেরে মেহবুব’।

২০২০ সালের জুনে ৮৭ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী। মৃত্যুর ছয় বছর পর এবার তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে আইনি বিরোধের খবর সামনে এলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার