বিজ্ঞাপন
বয়স নিয়ে ভুল তথ্য, সঠিকটা জানালেন সাদিয়া আয়মান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
বিজ্ঞাপন
প্রিয় তারকার ব্যক্তিগত জীবন সম্পর্কে কৌতূহলের শেষ থাকে না ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। পছন্দের শিল্পীর ব্যক্তিজীবনে প্রেম, বিয়ে কিংবা সম্পর্কের পাশাপাশি তাদের বয়স নিয়েও নানা আলোচনা ও চর্চা দেখা যায় বিভিন্ন মাধ্যমে।
এবার বয়স ও জন্মসাল নিয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। বয়স ও জন্মসাল নিয়ে গুগলে থাকা তথ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন। কারণ, সেখানে তার বয়স ৩৩ বছর দেয়া। পাশাপাশি এই ভুল তথ্য সংশোধনের উপায় সম্পর্কেও জানতে চেয়েছেন এ অভিনেত্রী।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন সাদিয়া আয়মান। আর ক্যাপশনে লিখেছেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যিনি করেছেন, তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে। না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন, আমি কীভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্য ঠিক করতে পারব?’
এছাড়াও এ অভিনেত্রী বিভিন্ন সময় তার জন্মসাল ও বয়স নিয়ে খোলামেলা থাকার কথা জানিয়েছেন। এ বিষয়ে পোস্টে লিখেছেন, ‘আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ মার্চ আমি সত্যি সত্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্ট ছিল।’
সাদিয়া আয়মানের ভাষ্যমতে― ‘তবে এনআইডি পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।’