বিজ্ঞাপন
যে অসুস্থতা দেখিয়ে আদালতে যাননি পরীমনি, এলো গ্রেপ্তারের আদেশ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
বিজ্ঞাপন
বোট ক্লাবের ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন বাতিল করেছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৪ নভেম্বর) এ আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন পরীমনিসহ মামলার আসামিদের জামিন বাতিল চেয়ে আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। অন্যদিকে, পরীমনির আইনজীবী সময় চেয়ে আবেদন করেন।
আবেদনে জানানো হয়, পরীমনি অ্যালার্জিজনিত অসুস্থতায় ভুগছেন। এ কারণে তিনি নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হতে পারেননি। তবে উভয় পক্ষের আবেদন বিবেচনা করে বাদীপক্ষের আবেদন মঞ্জুর করেন আদালত। ফলে পরীমনির জামিন বাতিলের পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়।
এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় পরীমনিসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন আদালত। সেদিনও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
মামলার তদন্ত শেষে ২০২৪ সালে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন দাখিল করা প্রতিবেদনে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করেন। তবে অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়।
পরে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। ওই বছরের ২৫ জুন তারা ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।