বিজ্ঞাপন
‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে’, কেন এমন বললেন প্রসেনজিৎ?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
বিজ্ঞাপন
‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনো যায়নি!’, নিজের আগের দুই বিয়ের প্রসঙ্গ টেনে বর্তমান স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে নিয়ে এমন মন্তব্য করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টালিউডে ‘বুম্বাদা’ নামে পরিচিত এই অভিনেতা রসিকতার সুরে নিজের দাম্পত্য জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
বর্তমান স্ত্রী অর্পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রসেনজিৎ বলেন, আগের স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেলেও অর্পিতা এখনো তার সঙ্গে রয়েছেন। দীর্ঘদিনের সংসারে পাশে থাকার জন্য অর্পিতার প্রতি ভালোবাসা ও সম্মানের কথাও জানান তিনি।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্পিতার সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেন প্রসেনজিৎ। এ সময় স্ত্রীকে ভালোবাসা ও সম্মান জানানোর পাশাপাশি তার ধৈর্যের প্রশংসা করেন অভিনেতা।
প্রসেনজিৎ বলেন, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রীকে সম্মান করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে রয়ে গেছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনো যায়নি! ও আমাকে সহ্য করেছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’
প্রসেনজিতের ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ের অধ্যায় রয়েছে। ১৯৯২ সালে অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে প্রথম বিয়ের পর ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর অপর্ণা গুহঠাকুরতাকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে রয়েছে মেয়ে প্রেরণা। ২০০২ সালে সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।
একই বছর অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করেন প্রসেনজিৎ। তাঁদের ছেলে মিশুক। দুই দশকের বেশি সময় ধরে অর্পিতার সঙ্গে সংসার করছেন এই অভিনেতা।
আগের দুই দাম্পত্যের অভিজ্ঞতার কথা স্মরণ করেই বর্তমান স্ত্রীকে নিয়ে নিজের ভালোবাসা ও সম্মানের কথা তুলে ধরেছেন প্রসেনজিৎ। তার বক্তব্যে অর্পিতার দীর্ঘদিন পাশে থাকার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।