Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

জেদ্দায় বসছে ‘বাংলাদেশি তারার মেলা’, থাকবেন আসিফ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

জেদ্দায় বসছে ‘বাংলাদেশি তারার মেলা’, থাকবেন আসিফ

বিজ্ঞাপন

সৌদি আরবের জেদ্দায় আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জন্য জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশি তারার মেলা’। সৌদি সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান আল আয়াত রয়েল ইভেন্টের সৌজন্যে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমা সুইটি ও পারভেজ খানসহ স্থানীয় শিল্পীরা। পাশাপাশি দর্শকদের বিনোদনে থাকছে ডিজে পারফরম্যান্স ও নাচের আয়োজন।

অনুষ্ঠানকে সফল করতে গতকাল জেদ্দায় আয়োজন করা হয় প্রস্তুতি ও পরিচিতি সভা। এতে সভাপতিত্ব করেন আল আয়াত গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আজিজা আব্দুল গফুর। সাংবাদিক হানিছ সরকার উজ্জ্বলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আয়াত গ্রুপ অব কোম্পানির সিইও আইকে উজ্জ্বল। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অপারেশনাল ম্যানেজার ফাহিম ও ম্যানেজার আকিলা হাসান।

সভায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং প্রবাসী দর্শকদের জন্য বিনোদনমূলক পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকদের উদ্যোগে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের জন্য দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের সুযোগ তৈরি হচ্ছে। প্রবাসজীবনের কর্মব্যস্ততা ও একঘেয়েমির মধ্যে এ আয়োজন প্রবাসীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও দেশীয় সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের নিরাপত্তা ও জরুরি চিকিৎসাসেবার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি অ্যাম্বুলেন্স ও চিকিৎসক রাখার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সৌদি নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রস্তুতি সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘বাংলাদেশি তারার মেলা’ একটি আনন্দমুখর ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে। এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের গান, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেও ভূমিকা রাখবে।

এদিকে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসীদের সৌদি আরবের প্রচলিত আইন-কানুন মেনে চলার এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা। তারা বলেন, প্রবাসে যেকোনো বড় আয়োজন সফল করতে আয়োজক ও দর্শক—উভয় পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি। সৌদি আরবের আইন ও স্থানীয় নিয়ম মেনে চলার মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করতে হবে।

আগামী ২৭ নভেম্বর জেদ্দায় অনুষ্ঠিতব্য এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার