বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেহেদি পরানোর সময় হঠাৎ ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে চুমু দেন এক যুবক। এতে কিছুটা চমকে গিয়ে লাজুক হাসিতে ধরা দেন অভিনেত্রী। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। এরপর থেকেই কৌতূহল, কে এই যুবক? জানা গেছে, তার নাম আদনান আজাদ। প্রায় ১৮ বছর আগে একটি সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, হবু বর-কনের সাজে রয়েছেন অপু বিশ্বাস ও এক যুবক। মেহেদি পরানোর আয়োজন ঘিরে দুজনের মধ্যে চলছিল খুনসুটি। একপর্যায়ে দুষ্টুমি করে অপুকে চুমু দেন ওই যুবক। এতে লজ্জা পেয়ে হেসে ওঠেন অভিনেত্রী।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকের মনেই প্রশ্ন জাগে, কে এই যুবক? খোঁজ নিয়ে জানা গেছে, তার নাম আদনান আজাদ। অপু বিশ্বাসের সঙ্গে একটি প্রচারণামূলক ভিডিওতে অংশ নিয়েছেন তিনি। আলোচনার জন্ম দিতেই পরিকল্পিতভাবে ধারণ করা হয়েছে চুমুর দৃশ্যটি।
এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলো প্রকাশের পর থেকেই দুজনকে নিয়ে কৌতূহল তৈরি হয়। অনেকেই জানতে চান, কে এই আদনান আজাদ?
প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। ওই সিনেমার মধ্য দিয়েই নায়ক হিসেবে বড়পর্দায় অভিষেক হয় আদনানের। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা পান অপু বিশ্বাস।
অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান। বর্তমানে তিনি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত।
দীর্ঘ বিরতির পর আবারও অপু বিশ্বাসের সঙ্গে বড়পর্দায় কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে আদনানের। সম্প্রতি একসঙ্গে ফটোশুটের পেছনে নতুন সিনেমার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিলেন অপু। তার ভাষ্য, আদনান বড় পরিসরে একটি ভালো সিনেমা নির্মাণ করতে চান। এ জন্য দেশের বাইরে থেকে দক্ষ একটি দল নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন তিনি। এ বিষয়ে দুজনের মধ্যে কথাবার্তাও চলছে।
সব মিলিয়ে ১৮ বছর পর পুরোনো সহশিল্পীর সঙ্গে অপুর নতুন করে জুটি বাঁধার সম্ভাবনা এবং ভাইরাল চুমুর ভিডিও—দুই বিষয় নিয়েই এখন আলোচনা চলছে। তবে নতুন সিনেমার পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা এগোয়, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।