বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সাদামাটা জীবনযাপন আর প্রচারবিমুখ স্বভাবের জন্য বরাবরই আলাদা পরিচিতি বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের। তবে তারকাখ্যাতি থেকে দূরে থাকতে চাইলেও ভক্তদের ভালোবাসা থেকে রেহাই মেলে না তার। এবার পশ্চিমবঙ্গের একটি ধাবা থেকে বের হওয়ার সময় ভক্তদের সেলফি তোলার হুড়োহুড়িতে পড়ে শেষ পর্যন্ত দৌড়েই স্থান ছাড়তে হয়েছে এই গায়ককে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পরিচিত পাপ্পু ধাবায়। বন্ধুদের সঙ্গে সেখানে খেতে গিয়েছিলেন অরিজিৎ। টি-শার্ট পরা অবস্থায় ধাবা থেকে বের হওয়ার সময় এক ভক্ত তাকে চিনে ফেলেন। মুহূর্তেই তাকে ঘিরে জড়ো হতে থাকেন অন্য অনুরাগীরাও। শুরু হয় ছবি তোলা ও সেলফি নেওয়ার চেষ্টা।
পরিস্থিতি সামাল দিতে আর সময় নেননি অরিজিৎ। কথা না বাড়িয়ে দ্রুত হাঁটতে শুরু করেন, একপর্যায়ে দৌড় দেন। এ সময় তার সঙ্গীদের হাতেও ছিল খাবারের প্যাকেট। তারাও পিছু পিছু দৌড়ে সেখান থেকে চলে যান।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ভিডিওটি দেখে অনেকেই অরিজিতের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, জনপ্রিয় শিল্পী হলেও ব্যক্তিগত সময়ে নিজের মতো করে চলাফেরা করার অধিকার তাঁর রয়েছে। ভক্তদের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রেও সেই সীমারেখা মেনে চলা জরুরি।
অবশ্য ভিন্ন মতও রয়েছে। কারও কারও মতে, ভক্তরা কেবল একটি ছবি তোলার অনুরোধ করেছিলেন। সে ক্ষেত্রে এতটা তাড়াহুড়ো করে চলে যাওয়ার প্রয়োজন ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।