বিজ্ঞাপন
সম্পত্তির ৯০ শতাংশ হারানো সেই ছেলেটিই বানাচ্ছেন ৪০০০ কোটির ‘রামায়ণ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম
বিজ্ঞাপন
আসন্ন মহাকাব্যিক বলিউড সিনেমা ‘রামায়ণ’-এর মুক্তির ঠিক আগে লস অ্যাঞ্জেলেসের অ্যাকাডেমি থিয়েটারে বসেছিল এক জমকালো প্রিমিয়ার নাইট। আর এই বিশেষ সন্ধ্যায় নিজের জীবনের না বলা গল্প ও সংগ্রামের দিনগুলো সবার সামনে তুলে ধরেছেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, নিজের সাফল্যের মুহূর্তটি ভাগ করে নিতে গিয়ে নমিত বলেন, ‘আজকের এই সন্ধ্যাটা আমি অ্যাকাডেমি থিয়েটারে করতে চেয়েছিলাম, কারণ এটিই আমার কাছে অস্কার জেতার মতো অনুভূতি। আজ আমি এমনভাবে কথা বলতে চাই, যাতে কেউ বেল বাজিয়ে আমাকে থামিয়ে দিতে না পারে।
আমার ভিএফএক্স কোম্পানি ‘ডিএনইজি’ এবং আমাদের টিম মোট ৮টি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছে। এর মধ্যে গত ১১ বছরেই এসেছে ৭টি অস্কার! ক্রিস্টোফার নোলান, ডেনিস ভিলেনিউভ-এর মতো বিশ্বসেরা কিছু চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য আমাদের হয়েছে।’
নিজের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে ১৯ বছর বয়সি এক যুবকের গ্যারেজ থেকে শুরু করার গল্প শোনান তিনি।
নমিত জানান, তৃতীয় প্রজন্মের ফিল্ম পরিবার থেকে এসে মাত্র ১৯ বছর বয়সে একটি অ্যাপল কম্পিউটার নিয়ে গ্যারেজে স্টার্ট-আপ শুরু করেছিলেন তিনি। তখনকার সেই ছোট্ট দিনগুলো থেকে আজ হলিউড ও বলিউডের সেতুবন্ধন তৈরির এই যাত্রা কোনো জাদুকরী স্বপ্নের চেয়ে কম কিছু নয়।
তবে সিনেমাপ্রেমীদের মধ্যে সবচেয়ে বড় আলোচনা চলছে ‘রামায়ণ’-এর বিশাল বাজেট নিয়ে। দুটি ভাগে বিভক্ত এই সিনেমাটির দুই পর্ব মিলিয়ে মোট বাজেট ধরা হয়েছে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বা ৪,০০০ কোটি রুপিরও বেশি!
প্রযোজক নমিত মালহোত্রা এক সাক্ষাৎকারে প্রখর গুপ্তকে জানান, ‘আজ থেকে ৬-৭ বছর আগে যখন আমরা এই সিনেমাটি তৈরির পরিকল্পনা করি, তখন অনেকেই আমাকে পাগল ভেবেছিলেন। কারণ, ভারতের কোনো সিনেমাই এই স্কেলে আগে তৈরি হয়নি। সহজ কথায় বলতে গেলে, দুই পর্ব মিলিয়ে এর বাজেট হবে প্রায় ৫০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪,০০০ কোটি রুপিরও বেশি।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা বিশ্বের সর্বকালের সর্ববৃহৎ মহাকাব্যটি নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় সিনেমাটি তৈরি করতে চলেছি। হলিউডের কিছু মেগাবাজেট সিনেমার তুলনায় আমরা অনেক বেশি দক্ষতার সঙ্গে এটি করছি। আমরা অহেতুক অপচয় করছি না, বরং অত্যন্ত সুপরিকল্পিত ও মাটিতে পা রেখে এই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করছি।’
জানা গেছে, দুটি পর্বে মুক্তি পাবে এই মহাকাব্যিক চলচ্চিত্রটি। এর প্রথম পর্বটি বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলির ঠিক আগে এবং দ্বিতীয় পর্বটি মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।
ছবিটিতে রাম, সীতা ও রাবণের মতো প্রধান চরিত্রগুলোতে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশের মতো তারকাদের। এ ছাড়াও বিশেষ ও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সানি দেওল এবং রবি দুবের মতো জনপ্রিয় তারকারা। সব মিলিয়ে বলা যায়, রূপালি পর্দায় হয়তো এক অবিশ্বাস্য ইতিহাস গড়তে চলেছে ভারতের সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র ‘রামায়ণ’।