বিজ্ঞাপন
ঐশীর নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক করলেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম
বিজ্ঞাপন
মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর পরিচয় ব্যবহার করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা সামনে এসেছে। ওই অ্যাকাউন্ট থেকে বিনোদন অঙ্গনের কয়েকজনকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হলে সেটি ঐশীর কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরে বিষয়টি পরিষ্কার করে নিজের নামে থাকা ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কে সবাইকে সতর্ক করেছেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঐশী জানান, ব্যক্তিগত কোনো ফেসবুক আইডি নেই তার। তার নামে চালু থাকা এটিই একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ। এর বাইরে অন্য কোনো অ্যাকাউন্টের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
অভিনেত্রী জানান, ভুয়া অ্যাকাউন্টটি থেকে বিনোদন অঙ্গনের কয়েকজনের কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে তাদের কেউ কেউ তার সঙ্গে যোগাযোগও করেছেন।
এ পরিস্থিতিতে ওই অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ না করা এবং সেখান থেকে পাঠানো কোনো বার্তার জবাব না দেওয়ার আহ্বান জানিয়েছেন ঐশী। পাশাপাশি অ্যাকাউন্টটি রিপোর্ট করার অনুরোধও করেছেন তিনি। বিষয়টি শনাক্ত করে তাকে সতর্ক করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।