বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অভিনেতা জয় চৌধুরীর একটি টেলিভিশন সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অভিনেতা ইয়াশ রোহান।
সেখানে জয়ের অভিনীত সিনেমা ‘স্নেহের বন্ধন’কে অস্কারে পাঠানোর কথা বলেছেন তিনি। ইয়াশের এই পোস্টে মন্তব্য করে জয়ের আত্মবিশ্বাস নিয়ে কটাক্ষ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়াও।
ইয়াশ রোহানের শেয়ার করা সাক্ষাৎকারে জয় চৌধুরীকে বলতে শোনা যায়, ‘আমি ইন্ডাস্ট্রি লিড দিচ্ছি, যেভাবেই হোক দিচ্ছি তো। অনেকে তো ইন্ডাস্ট্রিতে ঢুকতেই পারে না। কে কী করলো, কে কী বললো জয় চৌধুরীর যায় আসে না। ১৮ কোটি মানুষ কে কী করতেছে কে কী বলতেছে এটা দেখার দায়িত্ব আমার না।’
ভিডিওটি শেয়ার করে ইয়াশ রোহান লিখেছেন, ‘এবার রইদ এর জায়গায় স্নেহের বন্ধন পাঠানো উচিত ছিল অস্কারে।’ জয় চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত ‘স্নেহের বন্ধন’ সিনেমাকে ঘিরেই মূলত তাঁর এই মন্তব্য।
ইয়াশের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, “আত্মবিশ্বাস এবার সব সীমা ছাড়িয়ে গেছে, যাকে বলা যায় ‘জায়েদ খান লেভেল’!”
সম্প্রতি জয় চৌধুরীর একটি বক্তব্যকে কেন্দ্র করেও আলোচনায় আসে ‘স্নেহের বন্ধন’। সিনেমাটিতে দর্শক উপস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জয় বলেছিলেন, ‘শুক্রবারে সিনেমা এমনিতেই কম চলে। আর আজকাল তো সিনেমায় দর্শকই হয় না। ৩০ জনও আসে না। এখানে ৩০ জন টিকিট কেটেছেন, সারা দেশে আরও হলে অনেকে যাচ্ছেন। তবুও তো উনারা এসেছেন।’
দুর্গাপূজার ছুটিতে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল চারটি নতুন সিনেমা। এর মধ্যে দেশীয় সিনেমা ছিল ‘স্নেহের বন্ধন’, ‘চিরকুট’ ও ‘কাট-পিস’। তবে মুক্তির পর ছবিগুলো দর্শক টানতে পারেনি বলে জানা যায়।
এমন পরিস্থিতিতে ‘স্নেহের বন্ধন’ নিয়ে জয় চৌধুরীর বক্তব্য এবং সেটিকে ঘিরে ইয়াশ রোহানের ব্যঙ্গাত্মক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’ একটি পারিবারিক গল্পের সিনেমা। যৌথ পরিবারের সদস্যদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে এগিয়েছে এর কাহিনি। সময়ের সঙ্গে ভাই-বোন ও মা-বাবার মধ্যে তৈরি হয় দূরত্ব, অহংকার ও ভুল বোঝাবুঝি।
তবে জীবনের কঠিন পরিস্থিতিতে সেই অভিমান পেরিয়ে পরিবারের সদস্যদের একে অপরের প্রতি স্নেহ ও ভালোবাসাই হয়ে ওঠে শেষ আশ্রয়।