বিজ্ঞাপন
৪ ঘণ্টায় ২০ লাখ ভিউ, কী আছে ‘ফিরে আসার গল্প’ নাটকে?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ এএম
বিজ্ঞাপন
প্রচার শুরুর পর থেকেই দর্শকের মধ্যে আলোচনা তৈরি করেছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। গল্প, নির্মাণ ও অভিনয়ের প্রশংসা পাচ্ছে নাটকটি। এরই মধ্যে মাত্র চার ঘণ্টারও কম সময়ে নাটকটির ভিউ ২০ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি ইউটিউবে দর্শকের মন্তব্যেও উঠে এসেছে মুগ্ধতা ও ভালো লাগার কথা।
বুধবার প্রচার হয়েছে ধারাবাহিকটির সপ্তম পর্ব। এ পর্বে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও জাহিদ হাসান। তাদের অভিনয় ও আবেগঘন দৃশ্য দর্শকের মনে বিশেষভাবে দাগ কেটেছে।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, প্রচারের চার ঘণ্টারও কম সময়ে নাটকটির দর্শকসংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে নাটকটি নিয়ে প্রায় চার হাজার মন্তব্য দেখা গেছে। এসব মন্তব্যে গল্পের পাশাপাশি নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকেরা।
মুসাফির নামে এক দর্শক মন্তব্যে লিখেছেন, ‘মোস্তফা কামাল রাজ আসলেই একজন জিনিয়াস পরিচালক! দিন দিন অন্যান্য নাটকের গল্প যেখানে রুচিহীন হয়ে যাচ্ছে, সেখানে ‘ফিরে আসার গল্প’ মানসম্মত গল্প ও অসাধারণ নির্মাণের এক দারুণ উদাহরণ।’শারমিন সুলতানার মতে, নাটকটি বাস্তব সমাজের চিত্র তুলে ধরেছে। পরিবারের সবাই মিলে দেখার মতো একটি নাটক এটি।
পাপ্পু নামে আরেক দর্শক লিখেছেন, ‘এমন অর্থপূর্ণ ও বাস্তবধর্মী কাজগুলোই বাংলা নাটকের মান বাড়িয়ে দিচ্ছে। পরিচালক এবং পুরো কলাকুশলীদের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল।’রুমানা আফরোজ নামে এক দর্শক জানিয়েছেন, ‘ফিরে আসার গল্প’র জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করেন তিনি। দর্শকদের এমন প্রতিক্রিয়া ধারাবাহিকটির প্রতি তাদের আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে।নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের আগের জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’র অভিনয়শিল্পীদের বড় একটি অংশ আবারও এক হয়েছেন ‘ফিরে আসার গল্প’-এ।
তাদের মধ্যে রয়েছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর।এ ছাড়া ধারাবাহিকটিতে অভিনয় করছেন জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, তানজিম সাইয়ারা তটিনী ও ফাইজুল ইয়ামিনসহ একঝাঁক তারকা।
প্রায় ১৩ বছর পর একই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। দুই অভিজ্ঞ অভিনেতার উপস্থিতি ও পর্দায় তাদের রসায়নও নাটকটির প্রতি দর্শকের আগ্রহ বাড়িয়েছে।‘ফিরে আসার গল্প’ নামের মধ্যেই রয়েছে সম্পর্ক ও আবেগের ইঙ্গিত। ধারাবাহিকটির ট্যাগলাইন- ‘যেখানে সম্পর্কই বড় শক্তি’।
জীবনের নানা বাঁকে মানুষ কখনো সম্পর্কের টানে, কখনো অনুভূতির তাগিদে ফিরে আসে প্রিয়জনের কাছে। সেই ফিরে আসার পথ, সম্পর্কের টানাপড়েন ও জীবনের নানা আবেগঘন মুহূর্তই উঠে এসেছে ধারাবাহিকটিতে।গল্পের সঙ্গে দর্শকের পরিচিত জীবনের মিল, অভিজ্ঞ অভিনয়শিল্পীদের উপস্থিতি এবং সম্পর্কের গুরুত্ব তুলে ধরার ধরন-সব মিলিয়ে ‘ফিরে আসার গল্প’ তৈরি করেছে আলাদা আগ্রহ। প্রচারের অল্প সময়ের মধ্যে ২০ লাখ ভিউ এবং দর্শকের প্রশংসা ধারাবাহিকটির জনপ্রিয়তারই ইঙ্গিত দিচ্ছে।