Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

জন্মদিনে তৌসিফকে নিয়ে আবেগঘন বার্তা ফারিয়ার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম

জন্মদিনে তৌসিফকে নিয়ে আবেগঘন বার্তা ফারিয়ার

বিজ্ঞাপন

অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিনে তার সঙ্গে কাটানো পুরোনো স্মৃতি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে অভিনয়জীবনের শুরুর দিকের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে তৌসিফের দায়িত্ববোধ, বন্ধুত্বের প্রতি আন্তরিকতা এবং অন্যের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতারও প্রশংসা করেছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তৌসিফ মাহবুবের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন শবনম ফারিয়া। সেখানে তিনি জানান, অভিনয় শুরু করার পর ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার অনুমতি পেতেন না পরিবারের কাছ থেকে।

তবে তৌসিফ সঙ্গে থাকলে সেই অনুমতি মিলত। এমনকি দেশের বাইরে প্রথম শুটিংয়ে যাওয়ার অনুমতিও পেয়েছিলেন তৌসিফ ও অভিনেতা সিয়াম আহমেদ সঙ্গে থাকায়।

পোস্টে শবনম ফারিয়া লেখেন,

‘অভিনয় শুরু করার পর, বাসা থেকে ঢাকার বাইরে আমার শুটিংয়ের পারমিশন ছিল না, ফিরতে রাত হতো তাই। শুধুমাত্র তৌসিফ থাকলে আমি পারমিশন পেতাম। এমনকি দেশের বাইরেও আমার প্রথম শুটিংয়ের পারমিশন পেয়েছিলাম তৌসিফ আর সিয়াম ছিল তাই।’

তৌসিফের প্রতি নিজের পরিবারের আস্থার কথা উল্লেখ করে ফারিয়া আরও লেখেন, ‘ঐ বয়সেই তৌসিফ কতটা দায়িত্বশীল হলে আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল!’

শুধু নিজের কাছেই নয়, বিনোদন অঙ্গনের অনেকের কাছেও তৌসিফ যে নির্ভরতার প্রতীক, তা-ও তুলে ধরেছেন ফারিয়া। তার ভাষ্য অনুযায়ী, এখন অনেকেই তৌসিফকে অভিভাবকের মতো মনে করেন। কেউ বিপদে পড়লে সবার আগে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।

এমনকি কারও আর্থিক সহায়তার প্রয়োজন হলেও তৌসিফের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করেন।

বন্ধুর ভবিষ্যৎ অভিনয়জীবন নিয়ে আশাবাদী শবনম ফারিয়া। তবে অভিনেতা হিসেবে আরও বড় সাফল্য অর্জনের পাশাপাশি ব্যক্তি তৌসিফের মানবিক গুণাবলিকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ফারিয়া লেখেন,

‘তৌসিফ হয়তো আরও অনেক বড় অভিনেতা হবে, কিন্তু ব্যক্তি তৌসিফ অলরেডি অনেক বড় হয়ে গেছে।’

তৌসিফের জীবনের বিভিন্ন প্রাপ্তির কথাও পোস্টে উল্লেখ করেছেন এই অভিনেত্রী। তার মতে, নির্মাতাদের আস্থা অর্জন, দর্শকদের ভালোবাসা পাওয়া, জারার মতো ভালো জীবনসঙ্গী পাওয়া এবং বাবা-মায়ের যোগ্য ছেলে হয়ে ওঠা- সবই তৌসিফের জীবনের গুরুত্বপূর্ণ অর্জন। এর পাশাপাশি বন্ধু হিসেবে তাদের মতো মানুষদের পাশে পাওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি।

পোস্টের শেষাংশে বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শবনম ফারিয়া লেখেন, ‘শুভ জন্মদিন তৌসিফ মাহবুব। তুমি যে মানুষ হয়ে উঠেছ, তা নিয়ে আমি গর্বিত।’

শবনম ফারিয়ার এই জন্মদিনের শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে তৌসিফ মাহবুবের অভিনয়জীবনের বাইরের এক দিক। বন্ধুর প্রতি দায়িত্বশীলতা, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং নিজের আচরণ দিয়ে অন্যদের আস্থা অর্জনের বিষয়গুলোই তার লেখায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার