বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অভিনেতা সুজাত শিমুলের জীবনে যুক্ত হলো নতুন অধ্যায়। থিয়েটার ও আবৃত্তিশিল্পী জান্নাতুন নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন সুজাত শিমুল।
বিয়ের ছবি প্রকাশ করে তিনি জানান, আপাতত ঘরোয়া পরিসরে আয়োজন সম্পন্ন করেছেন তারা। আগামী ডিসেম্বরে সহকর্মী ও সতীর্থদের নিয়ে বড় পরিসরে বিয়ের আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেতা।
তবে বিয়ের খবরের পাশাপাশি সুজাত শিমুল ও জান্নাতুন নেছার দেনমোহরের অঙ্কটি নিয়েও আলোচনা হচ্ছে। প্রচলিত অঙ্কের বাইরে গিয়ে মাত্র ৯৯৯ টাকা দেনমোহর নির্ধারণ করেছেন তারা। ব্যতিক্রমী এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দম্পতির নিজস্ব জীবনদর্শন।
দেনমোহরের অঙ্কটি বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে সুজাত শিমুল গণমাধ্যমকে বলেন, বিয়ে ও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি থেকেই ৯৯৯ সংখ্যাটি নির্ধারণ করেছেন তারা।
তার ভাষ্য, বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। এর মধ্য দিয়ে জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয় এবং একধরনের পরিপূর্ণতা আসে।
এই ভাবনার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর ধারণাও। শিমুলের মতে, দৈনন্দিন জীবনে বিপদ-আপদে মানুষ এই নম্বরে ফোন করে সহায়তা চায়। সেখান থেকেও ‘ট্রিপল নাইন’ সংখ্যাটি বেছে নেওয়ার ভাবনা এসেছে।
এ ছাড়া ৯৯৯-এর পরের ঘরে শূন্য থাকার বিষয়টিকেও জীবনের সঙ্গে মিলিয়ে দেখেছেন তারা। সুজাত শিমুলের ব্যাখ্যায়, মানুষের জীবন কখনো পুরোপুরি পরিপূর্ণ হয় না, সব সময়ই কিছু না কিছু অপূর্ণতা থেকে যায়। এই উপলব্ধিও তাদের দেনমোহরের অঙ্ক নির্ধারণে ভূমিকা রেখেছে।